মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ২:২১ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জামিনে বেরিয়ে এসে বাদী ও ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ এসেছে। জীবনের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে ভুক্তভোগী ও তার পরিবার ঢাকা মেট্রোপলিটন, ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন- যার নাম্বার ৫৬৭। গত ৯ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি তারিখে ডেমরা থানায় স্বশরীরে হাজির হয়ে জিডি করেন মামলার বাদী ও ভুক্তভোগী স্মৃতির আপন ভাই মাহমুদ হাসান (২২)। জিডি সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ২০২৫ ইংরেজি তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারা- ২০০০ এর ১১(গ)/ ৩০ এর একটি মামলা দায়ের করে ভুক্তভোগী স্মৃতি আক্তার, যাহার মামলা নং: ০২। মামলা হওয়ার কিছুদিন পর বিবাদীগণ হাইকোর্ট থেকে জামিনে বের হয়ে আগামী হাজিরার আগেই মামলা উঠিয়ে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে। জিডির বাদী মোঃ মাহমুদ হাসান (২২), পিতা মোঃ ফাকের আলী, মাতা মোসাঃ মাহমুদা বেগম, সাং- ছাতিয়ান, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ। আর সংশ্লিষ্ট ওই মামলার বাদী মোসা: স্মৃতি আক্তার (২৬), স্বামী মোঃ জহির, সাং- ছাতিয়ান, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ। জিডিতে উল্লেখ করা হয়, "আমি আপনার থানায় হাজির হয়ে বিবাদী ১. মোঃ জহির (৪১), পিতা: মৃত আক্কাস আলী, বিবাদী ২. হাসিনা বেগম (৩৫), পিতা: মৃত আক্কাস আলী, বিবাদী ৩. জারিয়া বেগম (৫৫), স্বামী: মৃত আক্কাস আলী, বিবাদী ৪. আনুসকা (২১), পিতা: সাইফুল সর্বসাং বাড়ি নং- ৯২/৮ টেংরা, পোস্ট: সারুলিয়া, থানা: ডেমরা, মহানগর ঢাকা গণের বিরুদ্ধে এই মর্মে সাধারণ ডায়েরি করিতেছি যে- ১,২ ও ৩ নং বিবাদীগণের বিরুদ্ধে আপনার থানায় গত ০৩.০৮.২০২৫ ইংরেজি তারিখে নারী শিশু নির্যাতন দমন আইন ধারা- ২০০০ এর ১১(গ)/ ৩০ এর একটি মামলা দায়ের করে আমার বোন স্মৃতি আক্তার। যাহার মামলা নং: ০২।" "মামলা হওয়ার কিছুদিন পর বিবাদীগণ হাইকোর্ট থেকে জামিনে বের হয়ে ১,২ ও ৩ নং বিবাদী বিভিন্ন সময় মামলা তুলে নেয়ার জন্য আমার বোনকে ও মামলার স্বাক্ষীদেরকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। সর্বশেষ গত ০৮.০৯.২০২৫ ইংরেজি তারিখে রাত আনুমানিক সাড়ে ৯ ঘটিকার সময় আমার মোটরসাইকেলযোগে আমি, আমার বোন, বোনের বাচ্চা সহ আমার ভগ্নিপতির বাড়ির উদ্দেশ্যে ডেমরা থানাধীন মিরপাড়া ফিলিং স্টেশন থেকে আনুমানিক ৩০০ ফিট দূরত্বে মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ১,২,৩ ও ৪ নং বিবাদী আনুসকা (২১) আমাদের বাইক থামিয়ে পথরোধ করে। এ-সময় তারা বলে যে, যদি মামলা তুলে না নিস, তাহলে তোকে, তোর বোন ও বাচ্চা, পরিবার সহ মেরে ফেলবো। ৪ নং বিবাদী বলে, আগামী হাজিরার আগে যদি মামলা তুলে না নিস, তাহলে আমার বন্ধুদেরকে দিয়ে তোদেরকে পিটিয়ে হাড়গোড় ভেঙ্গে দিব। যাতে করে তোরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারিস।" "এমতাবস্থায় উপরোক্ত বিবাদীগণের জন্য আমি, আমার বোন এবং আমার পরিবার জানমালের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি বিধায়- ভবিষ্যতের জন্য উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারণ ডায়েরি করতে একান্ত মর্জি হয়।" জিডির বিষয়ে মাহমুদ বলেন, "আমার বোন মামলার পর থেকেই আমরা ভয়ে আছি। জহির ও তার পরিবার খুবই ভয়ংকর ধরনের লোক। আমারা যেকোনো সময় মারা যেতে পারি। বিশেষ করে জহিরের ভাগ্নী আনুসকা সরাসরি কিশোর গ্যাংয়ের ভয় দেখিয়েছে। ওইদিন ওরা ৪ জন সবাই আমাদেরকে প্রাননাশের হুমকি দিয়েছে। বিশেষ করে আনুসকা হুমকি দিয়েছে, তার কলেজের বন্ধু এবং কিশোর গ্যাং দিয়ে আমাদেরকে পিটিয়ে হাড়গোড় ভেঙ্গে দিবে। এমনকি মেরে ফেলতে পারে। কিশোর গ্যাং দিয়ে মারবে যাতে করে ওদের নামে মামলা না হয়। সরাসরি এমন হুমকিতে আমরা রীতিমতো আতঙ্কে আছি।" জিডির বিষয়ে ডেমরা থানা পুলিশ জানায়, আজ ৯ সেপ্টেম্বর থানায় জিডি হয়েছে। প্রাণনাশের হুমকি দেয়ার বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।