মিরপুরে যৌথ অভিযান: গভীর রাতে ডিজে পার্টিতে ৩১ জন আটক
রাজধানীর মিরপুরে একটি রেস্তোরাঁয় গভীর রাতে ডিজে পার্টি চলছে- এমন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানা–পুলিশ ও মিরপুর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা সেখানে যৌথ অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছেন। গতকাল শনিবার দিবাগত ভোররাত ৩টার দিকে রাইনখোলা কমার্স কলেজ সড়কের ‘বার্গার কুইন’ রেস্তোরাঁয় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, যৌথ অভিযানে রেস্তোরাঁ থেকে ২১ জন পুরুষ ও ১০ জন নারীকে আটক হয়। পরে সেনাবাহিনী আটক নারীদের তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। আর ২১ জন পুরুষকে থানায় নিয়ে আসে পুলিশ। ছিনতাই–চুরি রোধে পৃথক অভিযান: মিরপুর মডেল থানা–পুলিশ গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় ছিনতাই ও চুরি রোধে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ১০ জন ব্যক্তিকে আটক করা হয়। এ ছাড়া ১৭ নভেম্বর নিষিদ্ধ একটি সংগঠনের ঘোষিত ‘শাটডাউন’ কর্মসূচি সামনে রেখে নাশকতা বা মিছিলের পরিকল্পনা থাকতে পারে- এমন আশঙ্কায় পুলিশ থানা এলাকায় বিশেষ নজরদারি চালায়। এ অভিযানে আরও ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।