হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
১৩ ডিসেম্বর, ২০২৫ | ১১:২৭ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার রাত ১২টার দিকে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, “ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে।” এদিকে, পরিবারের সিদ্ধান্তে শরিফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।