৫ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশা কেটে যাওয়ায় দীর্ঘ ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়। এদিকে, কুয়াশার কারণে ভোর সাড়ে ৪টা থেকে পদ্মা নদীর অববাহিকায় নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়, যার ফলে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় এবং নৌপথে দৃশ্যমানতা ফিরে আসায় ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ নানা ধরনের যানবাহন আটকা পড়েছিল। ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে। এতে যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।