মার্চ মাসের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো সরকার

২ মার্চ, ২০২৬ | ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সোমবার (২ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে সংস্থাটি জানিয়েছে। বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত মাসের ২৩ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এদিকে, সোমবার মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম সবশেষ সমন্বয় করা হয়। এসময় ভোক্তা পর্যায়ে ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।