খুলনায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

৫ মার্চ, ২০২৬ | ১০:২৯ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার , দৈনিক বাংলাখবর প্রতিদিন

খুলনা মহানগরের প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ (৪৫) নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’ (বি কোম্পানি) গ্রুপের সক্রিয় সদস্য অশোক ঘোষকে একটি বিদেশি পিস্তলসহ আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনাস্থলে উপস্থিত খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে ৭–৮ জনের একটি সন্ত্রাসী দল ডাকবাংলা মোড়ে বাটা দোকানের সামনে শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এ সময় স্থানীয় জনতা শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির এক সদস্যকে বিদেশি পিস্তলসহ আটক করে একটি দোকানে আটকে রাখে। যাকে আটক করা হয়েছে, তিনি মাসুম বিল্লাহ হত্যার মূল শুটার বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা নগরীর ডাকবাংলা মোড়ে ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।