রাজারহাটে তেল পাম্পে স্বজনপ্রীতির মাধ্যমে প্রভাবশালীদের হাতে একাধিক টোকেন, বঞ্চিত সাধারণ মানুষ
কুড়িগ্রামের রাজারহাটে মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহের টোকেন বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে,টোকেন বিতরণে কোনো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হচ্ছে না। কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টোকেন পাচ্ছেন না,আবার কেউ পাচ্ছেন মাত্র একটি। অন্যদিকে প্রভাবশালী ও পরিচিত ব্যক্তিদের মধ্যে ২০টি পর্যন্ত টোকেন বিতরণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্বরত ট্যাগ অফিসার হিসেবে কৃষি অফিসার ফেরদৌসের নাম থাকলেও বাস্তবে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জাহিদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও পক্ষপাতমূলকভাবে টোকেন বিতরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি,পরিচিতজন ও স্বজনদের অগ্রাধিকার দিয়ে টোকেন দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম দুর্ভোগে পড়েছেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, এভাবে অনিয়ম ও পক্ষপাতিত্বের মাধ্যমে টোকেন বিতরণ চলতে থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে টোকেন বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন,অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।