রাজারহাটে জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি: ৮৩২ লিটার তেল লাপাত্তা

১২ এপ্রিল, ২০২৬ | ১২:৩৯ অপরাহ্ণ
মো.আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জ্বালানি তেল সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। আজকের বরাদ্দকৃত তেল বিতরণ নিয়ে হিসাব-নিকাশে গরমিল দেখা গেছে, যা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ৩০০ টাকায় ২.৭১ লিটার হারে তেল বিতরণ করা হয়েছে। সে অনুযায়ী ৮০০টি টোকেনের বিপরীতে মোট ২,১৬৮ লিটার তেল বিতরণ হওয়ার কথা। কিন্তু প্রশাসনের তথ্যমতে, আজ মোট ৩,০০০ লিটার তেল বরাদ্দ দিয়ে বিতরণ করা হয়েছে।
এ হিসেবে হিসাব করলে দেখা যায়, ৮০০ টোকেনে বিতরণকৃত তেলের পরিমাণ ২,১৬৮ লিটার হলেও অবশিষ্ট ৮৩২ লিটার তেলের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। এই অতিরিক্ত তেলের গন্তব্য কোথায়—তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।
স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, টোকেন বিতরণ ও তেল সরবরাহে স্বচ্ছতার অভাব রয়েছে। প্রভাবশালীদের মাধ্যমে অতিরিক্ত তেল সরিয়ে নেওয়া হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রকৃত তথ্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।