সালাউদ্দিনের মৃত্যুতে জামায়াত আমিরের আবেগঘন বার্তা

৮ আগস্ট, ২০২৬ | ২:২৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাইবান্ধার সাঘাটায় নিহত সালাউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, গাইবান্ধার সাঘাটায় অতি-দরিদ্র পরিবারের সন্তান সালাউদ্দিন আমাদের মাঝ থেকে বিদায় নিল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দখলদারির প্রতিবাদ করতে গিয়ে তার জীবন প্রদীপটাই নিভে গেল। সরকারি দলের যে সন্ত্রাসীদের হাতে তার মূল্যবান জীবনটা চলে গেল তারা কি তার দরিদ্র পিতা-মাতার বুকে তাকে ফিরিয়ে দিতে পারবে?
তিনি আরও লেখেন, অতি নিন্দনীয় এ ঘটনায় সকল দুষ্কৃতিকারীকে এখনো পাকড়াও করা হয়নি। তাদের পাকড়াও করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতেই হবে।
জামায়াত আমির লেখেন, আল্লাহ তায়ালা প্রিয় সালাউদ্দিনকে ক্ষমা করুন, তার উপরে রহম করুন, শহীদ হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, আপনজন এবং সহকর্মীদেরকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।
দুর্নীতিবাজ, দখলদার, চাঁদাবাজদের বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফের বিজয়ের মধ্য দিয়ে এর প্রতিশোধ নেয়া হবে, ইনশাআল্লাহ।