রাজধানীতে ছিনতাইকারী-সন্ত্রাসীরা বেপরোয়া
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
রাজধানীর উত্তরায় একটি পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটির দুদিন পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি, তদন্তে বেশ অগ্রগতি হয়েছে এবং অভিযুক্তদের শনাক্তে জোর তৎপরতা চলছে। ঘটনা সূত্রে জানা যায়, রোববার সকালে পাম্পটি থেকে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে উত্তরার র্যা ব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশের সড়কে তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত বহনকারী গাড়িতে ধাক্কা দেয়। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়। ঘটনার সময় সাপ্তাহিক বন্ধের দুই দিনসহ কয়েক দিনের মোট জমানো বিক্রির টাকা ব্যাংকে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন তাসীন আক্তার হক ডেল, যিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বোন খুরশীদ জাহান হকের ছোট ছেলে। ঘটনার পর পেট্রল পাম্পের ম্যানেজার বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের প্রায় অর্ধশতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট অস্পষ্ট থাকায় কিছুটা সময় লাগলেও খুব দ্রুতই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।