রাজারহাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর, বিক্রির অপেক্ষায় শিল্পী কমল চন্দ্র মোহন্ত
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের দানানগর বাজারে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী শ্রী কমল চন্দ্র মোহন্ত। মাটি, খড় ও বাঁশ দিয়ে দেবী দুর্গাসহ বিভিন্ন প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে মাটির প্রলেপ, রং ও সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ। শিল্পী কমল চন্দ্র মোহন্ত জানান, প্রতিমা তৈরি শুধু তার জীবিকা নয়, এটি বাপ-দাদার ঐতিহ্যবাহী পেশা। পূজা যত ঘনিয়ে আসে, কাজের ব্যস্ততাও তত বাড়ে। তৈরি করা প্রতিমাগুলো ভালো দামে বিক্রি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিমা নিতে আগ্রহীদের ০১৭৩৯-০১৮৩২০ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন শিল্পী কমল চন্দ্র মোহন্ত। স্থানীয়রা জানান, দানানগর বাজারে প্রতিমা তৈরির এ ঐতিহ্য দীর্ঘদিনের। তবে মাটি, বাঁশ, খড় ও রংসহ উপকরণের দাম বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ থেকে অনেক সময় বঞ্চিত হন কারিগররা। সরকারি সহযোগিতা ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হলে এ ঐতিহ্যবাহী শিল্প আরও এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা