গলায় বেলুন আটকে প্রাণ গেল শিশু তাবাসুমের
কুমিল্লার বরুড়ায় গলায় বেলুন আটকে তাবাসুম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বরুড়া পৌরসভার কশামী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাবাসুম ওই গ্রামের মো. মহিন উদ্দিনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েকে আদর করে একটি বেলুন কিনে দেন মো. মহিন উদ্দিন। রোববার বিকেলে শিশুটি মুখে বেলুন নিয়ে কামড় দিলে সেটি ফেটে যায়। এ সময় বেলুনের একটি অংশ শিশুটির শ্বাসনালিতে গিয়ে আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. রিফাত হোসেন বলেন, ‘শিশুটিকে যখন ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়, তখন সে মৃত ছিল। তারপরও আমরা ইসিজি করেছি।’ এ বিষয়ে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ‘আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’