কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

২৫ নভেম্বর, ২০২৬ | ২:৫৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

কিশোরগঞ্জে ১৮ বছর আগে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলের কর্মচারী ছিলেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে হোটেলে আসেন আসামি শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। জয়নালের সঙ্গে কথা বলার একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাকে ডেকে নিয়ে যান তারা। এরপর আর বাড়ি ফেরেননি জয়নাল। পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওরের মাঝখানে পাওয়া যায় তার গলাকাটা লাশ। এ ঘটনায়, প্রথমে টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন নিহতের স্ত্রী। পরে মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তারও করে পুলিশ। মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হলে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের ভিন্ন তথ্য। তদন্তে আগের গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দিয়ে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।