টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর বাড়ির পেছনে মিলল শিশুর মরদেহ
টাঙ্গাইল সদর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আদিবা ইসলাম নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে নিজ বাড়ির পেছন থেকে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আদিবা ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি। এরপর বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।সর্বশেষ খবর এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।