ইয়েমেনে সংঘাতে প্রাণহানি ২ হাজার ছাড়াল, ঘরছাড়া ৩ লাখ ৬৪ হাজার মানুষ
ইয়েমেনে গত আগস্টে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৩৬১ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরো ১০ হাজার ৯৮২ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়, গত ১৭ নভেম্বর থেকে সোমবার পর্যন্ত এক সপ্তাহে ১০১ জন নিহত এবং ৪৬৩ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই দেশটির মধ্যাঞ্চলীয় শহর মারিবের বাসিন্দা। ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারের জরুরি স্বাস্থ্য কার্যক্রম কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত দেশটির ৩৯টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ডব্লিউএইচওর আগের প্রতিবেদনে এ সংখ্যা ছিল ২৮। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আটটি অ্যাম্বুলেন্স। এদিকে, সংঘাতের কারণে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে লাহিজ প্রদেশে লড়াইয়ের কারণে বহু মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে এ পর্যন্ত ইয়েমেনে ৩ লাখ ৬৪ হাজার ২৬৪ জন বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত এক সপ্তাহেই বাস্তুচ্যুত হয়েছেন ১৫ হাজার ৭৩২ জন। বাস্তুচ্যুতদের প্রায় দুই-তৃতীয়াংশই লাহিজ প্রদেশের বাসিন্দা।