যে কারণে বাবর আজমকে সতর্ক করলো পিসিবি
সম্প্রতি পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, লাহোরে পিসিবির হাইপারফরম্যান্স সেন্টারে বাবর আজমের সঙ্গে তার ভাই সাফির অনুশীলন করছেন। সাফির ব্যাটিং করছেন এবং তাকে বোলিং করছেন পাকিস্তান পেসার শাহনেওয়াজ দাহানি। এই ভিডিও ভাইরালের পরিপ্রেক্ষিতে তাকে সতর্ক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, বাবর তিন-চার দিন আগে তার ভাইয়ের সঙ্গে কেন্দ্রে এসেছিলেন এবং এটি কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার আগে ছিল। এবং তার ভাই পরে নেটে ব্যাট করেন, যা বোর্ডের নজরে আসে। এইচপিসিতে অনুশীলনের জন্য পাকিস্তানের খেলোয়াড়ের আত্মীয় বা বন্ধুদের কাউকে নিয়ে আসার অনুমতি নেই। তাই বাবরকে বিনয়ের সাথে তার অবিবেচনামূলক কাজকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে এবং এটির পুনরাবৃত্তি না করার জন্য বলা হয়েছে।