‘প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে, এখন থেকে নতুন ঘরে থাকমু’
ষাটোর্ধ্ব বয়সের বৃদ্ধা নবীজান বেগম। কানে ভালো শুনতে পান না, চোখেও তেমন দেখতে পান না। জীবনে চলার পথে লাঠিই তার একমাত্র ভরসা। শহরের এক গাড়ির গ্যারেজের কোনায় জরাজীর্ণ অবস্থায় বসবাস করতেন তিনি। নবীজানের স্বামী হায়দার আলী অনেক আগেই না ফেরার দেশে চলে গেছেন। স্বামীকে হারিয়ে একমাত্র মেয়েকে নিয়ে চরম বিপদগ্রস্থ হয়ে পড়ে অসহায় পরিবারটি। সংসার চালাতে বাধ্য হয়ে বৃদ্ধা নবীজান বেছে নেন ভিক্ষাবৃত্তি। মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে চলতো মা-মেয়ের সংসার। মেয়েকে এক দিনমজুর ছেলের সঙ্গে বিয়ে দেন তিনি। বিয়ের পর মেয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। মেয়েকে দেখার আশায় আজও বুক বেঁধে আছেন বৃদ্ধা নবীজান। সারাদিন লাঠিতে ভর করে শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে চলে তার একা জীবন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে মাথা গোঁজার এক ঘরের আশায় নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদের সঙ্গে দেখা করতে আসেন নবীজান বেগম। তার কষ্টের কথা শুনে জেলা প্রশাসক নবীজানকে শাড়ি ও আর্থিক দেন। কিন্তু এসময় নবীজান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবা আমি টাকা নিবো না, আমাকে মাথা গোজার একটি ঘর দেও। আমি টাকা-পয়সা চাই না, আমার থাকার কোনো ঘর নেই। আমাকে দেখার মতো কেউ নাই। এক মেয়ে ছিল, বিয়ের পর আমার খোঁজ নেয় না।’ এসময় জেলা প্রশাসক বৃদ্ধা নবীজানকে একটি ঘর দেওয়ার আশ্বাস করেন। পরবর্তীতে জেলা প্রশাসক মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের এক ঘর নবীজানের জন্য ব্যবস্থা করেন। নবীজান বেগম বলেন, ‘আমার কোনো নিজের ঘর ছিল না। মানুষের গ্যারেজে থাকতাম। জেলা প্রশাসক স্যার আমাকে পাঁকা ঘর দিয়েছে। আমার আর মানুষের জায়গাহ থাকতে হবে না। প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে, এখন থেকে নতুন ঘরে থাকমু। আল্লাহ স্যারকে ভালো রাখুক।’ জেলা প্রশাসক শামীম আহমেদ ঢাকা মেইলকে বলেন, ‘বৃদ্ধা নবীজানকে দেখাশোনা করার মতো কোনো লোকজন নেই। তখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ণ প্রকল্পের এক ঘর দেওয়ার চিন্তা করি। সেই প্রেক্ষিতে পরবর্তীতে তাকে আশ্রায়ণের একটি ঘর দেওয়া হয়েছে। এই ছিন্নমূল মানুষকে দেখার কেউ নেই, তার পাশে আমরা দাঁড়াতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘর দেওয়ার মাধ্যমে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি যত দিন বেঁচে আছেন তার পাশে জেলা প্রশাসন রয়েছে।