উজিরপুরে কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের হামলায় সঙ্গাহীন গৃহবধূ
নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সঙ্গাহীন করে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্ৰামের মোশাররফ হাওলাদারের ছেলে রবিউল হাওলাদার(২২) ওই এলাকার এক গৃহবধূকে ২ বছর ধরে উতক্ত করে আসছে। এরই প্রেক্ষিতে গত বুধবার রাতে গৃহবধূকে কূ-প্রস্তাব দেয় এতে রাজি না হওয়ায় বিভিন্ন হুমকি দেয়। ১৭নভেম্বর বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ লম্পটের পরিবারের কাছে বিচার দেয়। এরপর ক্ষিপ্ত হয়ে বিকেল সাড়ে ৫টায় রবিউল হাওলাদার ও তার চাচাত ভাই জসিম হাওলাদার,বাবা মোশাররফ হোসেন হাওলাদার,চাচা মোস্তফা হাওলাদার,চাচী তাছলিমা বেগমসহ কয়েকজন মিলে বসতঘরে ঢুকে প্রকাশ্যে ওই গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে একাধিকবার আঘাত করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করে সঙ্গাহীন করে ফেলেছে এবং পরিহিত সোনার চেইন ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে চলে যায়। পরিবারের লোকজন আহত গৃহবধূকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। আহত গৃহবধূ আঘাতের যন্ত্রনায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে আহত'র ছোট বোন কুলসুম বেগম বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। হামলাকারীরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়াও পরিবারের লোকজন অভিযোগ করে বলেন ওই লম্পটের ভয়ে তারা বাড়িতে যেতে সাহস পাচ্ছেনা। এ ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে হাসপাতালে পরিদর্শন করেন উজিরপুর মডেল থানার এস.আই মেহেদী হাসান। অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।