ঢাকায় ৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চালানো বিশেষ অভিযানে এ পর্যন্ত ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে রোববার (৪ ডিসেম্বর) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন, শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর আবাসিক হোটেল ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। তবে কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সার্বিক নিরাপত্তা বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এটি আমাদের নিয়মিত ডিউটির অংশ। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ করণীয় সবকিছু করবে।