চাঁপাইনবাবগঞ্জে বসা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ!
চাঁপাইনবাবগঞ্জে জেলা কৃষকলীগের সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও কৃষকলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলনে মঞ্চে নেতাকর্মীদের বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা কৃষকলীগের সম্মেলনে এই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সমাবেশস্থলের বাহিরে ৫ টি ককটেলের বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ পৌণে ১২ টার দিকে মঞ্চের পেছনে বসাকে কেন্দ্র করে পৌর মেয়র মোখলেসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ-কৃষকলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মঞ্চের ভেতরে ও বাহির ভাঙচুর চালায় উত্তেজিত নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আবার সম্মেলন শুরু করতে গেলে সম্মেলনের বাহিরে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দু’গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর থেকে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম জানান, মঞ্চে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের বাকবিতণ্ডা হয়। পরে উভয় কে পুলিশ সরিয়ে দেয়।