রাবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনভিত্তিক পদক্ষেপ প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে আইন বিভাগের গ্যালারী কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, পিডিএফ আমার প্রাণের সংগঠন। আমি শুরু থেকেই পিডিএফের সাথে আছি। সকলের সুবিধার জন্য প্রত্যেকটি ভবনে লিফটের ব্যবস্থা করার চেষ্টা করছি। হলগুলোতে নিচতলায় টয়লেট স্থাপনের কাজ শুরু করে দিয়েছি। আমরা তোমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য করে গড়ে তুলতে চাই। আমরা আমাদের সম্মিলিত শক্তির মাধ্যমে সবাই একসাথে এগিয়ে যাব। আগে প্রতিবছর ৫ জনকে বৃত্তি প্রদান করা হতো। এখন থেকে প্রতিবছর ১০ জনকে বৃত্তি প্রদান করা হবে। রাবি পিডিএফের সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, হল প্রাধ্যক্ষের আহ্বায়ক ড. সুজন সেন, পিডিএফ উপদেষ্টা গোলাম কিবরিয়া ফেরদৌস, পরিবহণ প্রশাসক মোকছেদুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।