রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ এক কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি
বিএনপি’র ঢাকা বিভাগীয় গণসমাবেশ যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে রাবি শাখা ছাত্রদল। রোববার (১১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এবং সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সর্দার জহুরুল ইসলাম ও কর্মী আতিককে গত ৯ ডিসেম্বর আনুমানিক রাত ৮টার সময় গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গ্রেফতার, হামলা ও মামলা দিয়ে গণতন্ত্র উদ্ধারের সৈনিকদের কেউ কোনোদিন থামিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না উল্লেখ করে অনতিবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করে সংগঠনটি। এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ১০ ই ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক সর্দার জহুরুল ইসলাম ও কর্মী আতিককে গত ৯ ডিসেম্বর আনুমানিক রাত ৮ টার সময় গ্রেফতার করেছে আওয়ামী বাকশালী পুলিশ। অনতিবিলম্বে তাদেরকে নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।