সিংড়ায় নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত!

৪ মার্চ, ২০২৩ | ৭:২০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরের সিংড়ায় নসিমনের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক সিজার আলী (১৮) নামে ০১ জন নিহত হয়েছে। শনিবার বেলা ১২ টায় উপজেলার মৌগ্রাম-বামিহাল এলাকায় এই দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত সিজার আলী মৌগ্রামের রফিকুল ইসলামের ছেলে ও বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের শিক্ষার্থী। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার বেলা ১২ টায় নিহত শিক্ষার্থী সিজার আলী বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বামিহাল বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উল্টো দিক থেকে আসা একটি গরু বোঝাই নসিমন (ভুটভুটি) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর এই ঘটনায় নসিমন আটক করা হয়েছে।