সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দিন মজুরের মৃত্যু!

৯ মার্চ, ২০২৩ | ৬:১১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরের সিংড়া উপজেলার কুমগ্রাম বাজারে আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে জগদীশ প্রামাণিক (৪০) নামের এক দিনমজুর নিহত হয়েছে। গতকাল রাত ১১ টায় উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্রাম বাজারে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরো তিনজন। নিহত জগদীশ প্রামানিক কুমগ্রামের মৃত সুরেশচন্দ্র প্রামাণিকের ছেলে। এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমূখ। সিংড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কুমগ্রাম বাজারে আশরাফুল ট্রেডার্স নামের একটি কীটনাশক এর দোকাকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের একটি লেদ দোকানে গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে মোট ৬টি দোকান পুড়ে যায়। এসময় আগুন নেভাতে গিয়ে দিন মজুর শ্রী জগদীশ প্রামাণিক নিহত হন। পরে রাত ২টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আর আহতদের মধ্যে কীটনাশক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৬৫) কে রাজশাহী মেডিকেল ও মন্টু প্রামাণিককে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে। এবিষয়ে ইউএনও মাহমুদা খাতুন ‘বিডিনিউজ ৯৯৯ ডটকম’র এক সাংবাদিক’কে বলেন, তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আপাতত ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনে ক্ষতিগ্রস্থদের আরো সার্বিক সহায়তা প্রদান করা হবে।