শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খালি পায়ে অবস্থান রাবি অধ্যাপকের!

১৪ মার্চ, ২০২৩ | ২:৪৮ অপরাহ্ণ
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় ও পুলিশের ‘ন্যাক্কারজনক’ হামলার প্রতিবাদে খালি পায়ে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ কর্মসূচি পালন করেন তিনি। অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, স্থানীয় ব্যবসায়ীদের হামলায় আহত অনেক ছাত্র হাসপাতালের বেডে ছটফট করছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া অনেক আইসিইউতে আছে, অনেকের সেলাই কাটেনি । আমি একজন শিক্ষক হিসেবে এ অবস্থায় ক্লাসে যেতে পারি না। তিনি আরও বলেন, পুলিশ ঘটনার শুরু থেকে থাকলেও সমাধানমূলক কিছু করেনি। বরং তারাই শিক্ষার্থীদের উপর অমানবিক ভাবে রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে। শিক্ষার্থীদের উপর স্থানীয় ও পুলিশের এমন অমানবিক, বর্বরোচিত হামলার নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কেউ শিক্ষার্থীদের উপর এমন বর্বরোচিত হামলা করতে সাহস না পায়। শিক্ষার্থীদের ওপর নির্যাতনের বিষয়ে অধ্যাপক বলেন, আমরা বরাবরই দেখে আসছি সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে । এর আগে রাজশাহী মেডিকেল কলেজে হয়েছে, আবাসিক হল গুলোতেও নির্যাতনের ঘটনা ঘটেছে। একের পর এক শিক্ষার্থী আক্রান্ত হচ্ছে কিন্তু এর কোন সুরাহা না করে বিভিন্ন মহল সেটাকে রাজনীতিকরণ করার চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, গত শনিবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদেরকে লক্ষ করে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়।