রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু আগামীকাল!

১৪ মার্চ, ২০২৩ | ৮:০৫ অপরাহ্ণ
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু কাল। এবারও থাকছে দ্বিতীয় বার পরীক্ষা দেয়ার সুযোগ। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক খাদেমুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কাল (বুধবার) দুপুর ১২ টা থেকে প্রাথমিক আবেদন শুরু হয়ে এই মাসের ২৭ তারিখ পর্যন্ত চলবে। এবারের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের জন্য ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক আবেদনে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের চুড়ান্ত আবেদন চলবে ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। বাছাইকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন জন্য সার্ভিস চার্জসহ ১১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষাতেও গতবারের মতো শুধু ১০০টি বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মে 'সি' (বিজ্ঞান) ইউনিটের মধ্যদিয়ে রাবির ২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরেরদিন ৩০ মে 'এ' (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে। এবছর এ (মানবিক), বি (ব্যবসা) ও সি (বিজ্ঞান) এই তিন ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ ঘন্টা সময়সীমার এই পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মোট নম্বর ১০০। প্রতি ৪ ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য, ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় মানবিক থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চতুর্থ বিষয়সহ নূন্যতমজিপিএ-৭, বাণিজ্য থেকে নূন্যতম ৭.৫ এবং বিজ্ঞান থেকে নূন্যতম ৮ পেতে হবে। এছাড়া জিসিই(ও) পর্যায়ে পরীক্ষায় পাঁটটি বিষয়ে (এ) পর্যায়ে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পর্যায়ে মোট ৭ বিষয়ের মধ্যে ৪টিতে বি এবং ৩টিতে সি পেতে হবে। তাছাড়া ইংরেজি প্রশ্নপত্রে কেউ পরীক্ষা দিতে আগ্রহী হলে চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।