রাবিতে রাত ৮টার পর সব দোকান বন্ধের নির্দেশ

১৪ মার্চ, ২০২৩ | ৮:২৩ অপরাহ্ণ
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের ভিতরের সব দোকান রাত সাড়ে ৮ টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের শৃঙ্খলা ও বহিরাগতদের আনাগোনা বন্ধে এ নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, আমরা যদি শৃঙ্খল ও সুন্দর ক্যাম্পাস চাই তাহলে দোকানগুলো বড় একটা ফ্যাক্টর। দোকানগুলো খোলা থাকার কারণে বহিরাগতদের আনাগোনা বেশি থাকে। শিক্ষার্থীরাও চায় যেন বহিরাগতদের আনাগোনা কম থাকুক ক্যাম্পাসে। ছাত্র-শিক্ষক-কর্মচারী সবার সহযোগিতায় এই ক্যাম্পাস সুন্দর হবে এটাই প্রত্যাশা করি। দোকান রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধে করলে ক্যাম্পাসের নিরাপত্তা ও বহিরাগতদের আনাগোনা কমানো সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে উপ-উপাচার্য বলেন, 'সারা বিশ্বের দোকানপাট সন্ধ্যা ৬ টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাহলে ওই দেশের লোকেরা কি বেঁচে থাকে না, তারা কি খায় না। তাই আমরা যদি ভালোই চাই ধীরে ধীরে এই বিষয়গুলোকে এস্টাবলিশ করতে সহযোগিতা করি তাহলে সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস সম্ভব বলে আমি বিশ্বাস করি।' প্রসঙ্গত, গত শনিবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদেরকে লক্ষ করে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে প্রায় ০৩ শতাধিক শিক্ষার্থী আহত হয়।