রাবি ভর্তি পরীক্ষায় প্রথমিক আবেদন ৪ লাখ!

২৮ মার্চ, ২০২৩ | ৪:২৪ অপরাহ্ণ
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি , দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়েছে। সোমবার (২৭ মার্চ) রাত ১২টায় ভর্তি পরীক্ষার প্রাথমিক আবদেন শেষ হয় । এর আগে গত ১৫ মার্চ দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়। ভর্তি পরীক্ষায় সর্বমোট আবেদন পড়েছে চার লাখ ১ হাজার ৪১৪টি । মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে । জনসংযোগ দফতরের প্রশাসক জানান, গত ১৫ মার্চ রাত ১২টা থেকে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত সর্বমোট আবেদন পড়েছে চার লাখ ১ হাজার ৪১৪টি । এ বছর ‘এ’ ইউনিটে (মানবিক) ১ লাখ ৪৮ হাজার ৬১০টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ৯৮ হাজার ৬৪৪টি ও ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৫৪ হাজার ১৬০টি আবেদন পড়েছে। আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৯ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলবে । বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ২৯ থেকে ৩১ মে পর্যন্ত ‘এ’, ‘বি’ এবং ‘সি’ তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার জন এবং বিভিন্ন কোটায় আবেদনকারীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন । তিন দিনে চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০ টা, বেলা ১১টা থেকে দুপুর ১২ টা, বেলা ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা হবে । ৮০টি বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে যার মান ১০০। প্রতি ৪ টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে ।