শামসুজ্জামানের মুক্তির দাবিতে রাবি সাংবাদিকদের প্রতিবাদ!
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। কর্মসূচিতে রাবি সাংবাদিক সামিতির সভাপতি তৌসিফ কাইয়ুম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৮৫’ভাগ মামলা করেছে সরকার দলীয় নেতাকর্মীরা। আর মামলার অধিকাংশই হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে। আগামীতে জাতীয় নির্বাচন আসছে। এসময় সাংবাদিকদের কলম যাতে নিয়ন্ত্রণ করে রাখা যায় তাই এসব আইনে সাংবাদিকদের হয়রানি চলছে। প্রথম আলো, ডেইলি স্টারের মতো যেসব গণমাধ্যম স্বাধীন সাংবাদিকতার চর্চা করে তাদেরকে দমিয়ে রাখার জন্য ভয়ভীতি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে। সাংবাদিক সমিতির সভাপতি আরও বলেন, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে কোনো ওয়ারেন্ট ছাড়া ভোরে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে। যা কোনো স্বাধীন দেশে সম্ভব না। গতকাল রাতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এই কালাকানুন বাতিল চাই। পাশাপাশি সাংবাদিকদের হেনস্তার জন্য যেসব নিবর্তনমূলক আইন রয়েছে এগুলোর বাতিল চাই আমরা। রাবি রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত বলেন, আমরা বর্তমান এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যখন একটা স্বাধীন দেশে মধ্য রাতে একজন সাংবাদিককে তুলে নেয়া হচ্ছে। তুলে নেবার পর আবার কেউ বলতেই পারছে না কোথায় নিয়ে যাওয়া হয়েছে। দেশের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। সেই স্তম্ভ আজ ভেঙ্গে দেবার চেষ্টা করা হচ্ছে। অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে এবং প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে মুক্তি দিতে হবে। মানববন্ধন কর্মসূচিতে সঞ্চালনা করেন রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাবি রিপোটার্স ইউনিটির সভাপতি শাহিনুর ইসালাম খালিদ, প্রেস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক শাহাজালাল ইসলাম তুহিন। কর্মসূচিতে বিশ^বিদ্যালয়ে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।