
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নাগরিক ভাবনা
সড়কে আমার জীবন নিরাপদতো?
ডেস্ক নিউজ
নিরাপদ সড়ক দিবসে নাগরিক ভাবনা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ (২২ অক্টোবর)। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’। এতো কর্মসূচি, এতো উদ্যোগ… তবুও থামছে না সড়কে প্রাণহানি। তাই প্রশ্ন এসেই যায়, সড়কে আমার জীবন নিরাপদতো ?
সড়ককে নিরাপদ করার এক আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর পালিত হয়ে আসছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। ২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করা হয়। একই বছরের ২২ অক্টোবর বাংলাদেশে প্রথম জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।’ সড়ক দুর্ঘটনা আমাদের সৃষ্ট স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকাল শহরের ব্যস্ততম রাস্তায় পায়ে হেঁটে বা যানবাহনে চলাফেরা রীতিমতো বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বাসায় সঠিক সময়ে কেউ না ফিরলে যে কথাটি সর্ব প্রথম মনে উদয় হয় তা হলো সড়ক দুর্ঘটনা। প্রিয়জনের বুকের বা-পাশে হুহু করে ওঠে এক আত্ম ভয়ে।
ইতিহাস ও বাস্তবতাঃ
একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের সড়ক পথের যথেষ্ট উন্নতি সাধিত হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। রিকশা, ভ্যান, সাইকেল, ঠেলাগাড়ি, অটোরিকশা প্রভৃতি ধীরগতির অযান্ত্রিক যানও অগণিত। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, উন্নত দেশের তুলনায় বাংলাদেশে এগুলো প্রায় ৩০ গুণ বেশি যা উপলব্ধি করা যায় দেশের বৃহত্তম শহরগুলোতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বন্যার বেগে ছুটে আসা মানুষ আর যানবাহনের ভিড়ে রাস্তাগুলোতে দীর্ঘ জ্যামের দিকে লক্ষ্য করলেই। তবে অনেকেই মনে করছেন, দুর্নীতি, কালো টাকা টাকার পাহাড়, আভিজাত্য নানাবিধ কারণে ব্যক্তিগত পরিবহনের সংখ্যা দিনকে দিন বাড়ছেই। যা সড়কপথে যানজটের জন্য অনেকাংশে দায়ী।
জরিপ ও মতামতঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে ২০১৬ সালে সারা পৃথিবীতে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৩ লাখ মানুষ নিহত হয় যা খুবই অপ্রত্যাশিত। যে হারে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে এই ধারা অব্যাহত থাকলে ২০২৫ সাল নাগাদ সড়ক দুর্ঘটনা বর্তমানের তুলনায় ৬০ ভাগ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশের চিত্রঃ
বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার উন্নত বিশ্বের তুলনায় ২৫ থেকে ৩০ শতাংশ বেশি। এক হিসাবে দেখা গেছে, বাংলাদেশে প্রতি বছরে ৫ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ১ হাজারেরও বেশি লোক প্রাণ হারায় এবং ১০ হাজারেরও বেশি লোক আহত হয়। ২০১৬ সালের বিআরটিএ-র জরিপ মতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর ২৩ হাজার ১৬৬ জন মানুষ নিহত হয়।
আমাদের বর্তমান পরিস্থিতিঃ
২০১৯ থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, বিভিন্ন সংস্থার জরিপ মতে এই সময়ে ২৫ হাজার ৯২৪টি দুর্ঘটনায় ২৯ হাজার ১ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৪২ হাজার ৩৮৮ জন। এর মধ্যে মোটরসাইকেলে মৃত্যু হয়েছে ৯ হাজার ৩০৯ জনের। তাছাড়া ৭ হাজার ৬৬৫ জন পথচারীর মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ২০২২ সালে, যা রীতিমতো রেকর্ড ছাড়িয়েছ।

সড়ক দুর্ঘটনার সার্বিক প্রভাবঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সারা পৃথিবীতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৮০ হাজার শিশু মারা যায়। ২০১০ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯৬ শতাংশ শিশু ছিল অনুন্নত ও উন্নয়নশীল দেশের।
বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যে ক্ষতি হয় তার আর্থিক পরিমাণ দাঁড়ায় বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা, যা জিডিপির দুই ভাগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে আন্তর্জাতিকভাবে সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৫২০ বিলিয়ন ডলার। উন্নয়নশীল এবং অনুন্নত দেশে এর পরিমাণ ৬৫ বিলিয়ন ডলার।
সড়ক দুর্ঘটনা পারিবারিক ও সামাজিক জীবনকে দুর্বিষহ করে তোলে। এর ফলে হঠাৎ করে বিপর্যয় নেমে আসে একটি পরিবারে। সেই শোক গোটা পরিবার ও আত্মীয়স্বজনের বুকে শেলের মতো বিধে থাকে সারা জীবন। অনেক সময় সড়ক দুর্ঘটনায় সমাজ ও দেশ হারায় তার কৃতী সন্তানদের। এ দুর্ঘটনা অনেককে চিরদিনের জন্য পঙ্গু করে দেয়।

আচ্ছা, আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় দায়ী কারা ?
আমাদের দেশে সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে কেউ দায়ী নয়। নানাবিধ কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে, যার উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলোঃ
১.চালকদের অসাবধানতা, অদক্ষতা ও লাইসেন্সবিহীন অদক্ষ চালক।
২.ত্রুটিপূর্ণ যানবাহন।
৩.রাস্তার স্বল্পতা ও অপ্রশস্ততা। ৪. প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো এবং ওভারটেকিং
৫.প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক পুলিশের অভাব ও ট্রাফিক নিয়ম ভঙ্গ করা।
৬.যানবাহনে ব্যবহৃত তেলে ভেজাল।
৭.রাস্তার মধ্যে প্রয়োজনীয় ডিভাইডার না থাকা।
৮.ওভারব্রিজের স্বল্পতা ও অসাবধানে রাস্তা পারাপার বা রাস্তা পারাপারের নিয়ম না জানা।
৯.রিকশা ও ভ্যানের সংখ্যাধিক্য।
১০.সড়কের ওপর অবৈধ হাটবাজার ও স্থাপনা।
১১.ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞ ও ক্ষেত্রবিশেষে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অদক্ষ রিকশাচালকদের রিকশা ও ভ্যান চালনা।
১২.ট্রাফিক পুলিশের সংখ্যা স্বল্পতা ও দায়িত্বহীনতা।
১৩.বিকল্প রাস্তার ব্যবস্থা না করে যখন-তখন যেখানে-সেখানে রাস্তা খোঁড়াখুঁড়ি।
১৪.অতিরিক্ত মাল ও যাত্রীবোঝাই, পথ-সভা, হরতাল প্রভৃতি কারণে যানজট সৃষ্টির ফলে যানবাহন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়া
১৫.সড়ক পরিবহনের সঙ্গে সম্পৃক্ত এক ধরনের কর্মচারীদের দুর্নীতি।
১৬.পরিবহন মালিকদের অসাধু সিন্ডিকেট
১৭.সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা।

এছাড়া সড়ক দুর্ঘটনার জন্য ছোটখাট আরও নানাবিধ কারণ রয়েছে। তবে সাধারণ জনগণের মত হলো- সরকার ও কর্তাব্যক্তিরা এসব অনিয়ম দেখেও না দেখার ভান করে চোখে কালো চশমা এটে আছ।তাই এসকল সমস্যার জন্য তারাই বড় অপরাধী।
নানাবিধ দৃষ্টিভঙ্গিঃ
বাংলাদেশে সড়ক দুর্ঘটনার যেসব চিত্র পাওয়া যায় তা সত্যিই দুঃখজনক। দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিচ্ছে মানুষের অমূল্য জীবন, ভেঙে দিচ্ছে অসংখ্য সাজানো সংসার। স্বজন হারা মানুষের আহাজারি, পিতৃহারা সন্তানের আকুতি ‘আর যেন কোনো সন্তানকে এতিম হতে না হয়।’ কোথাও বাসের সঙ্গে বাস, কোথাও বাসে-ট্রাকে, কোথাও টেম্পু-বাসে ঘটে এ দুর্ঘটনা। আবার কোথাও রিকশা বা নিরীহ পথচারীকে চাপা দেয় দ্রুতগামী বাস বা ট্রাক, কেড়ে নেয় অমূল্য মানবজীবন।
বিশ্বের অন্যতম জনবহুল মেগাসিটি হলো রাজধানী ঢাকা। প্রায় আড়াই কোটি লোকের তুলনায় এখানে রাস্তা বা যানবাহন কোনোটাই যথেষ্ট নয়। যদিও সাম্প্রতিক সময়ে কিছু সড়ক ব্যবস্থার উন্নতি হয়েছে, তবুও কমছে না যানজট। আর এগুলোর বাইরে যা আছে, সেগুলোর বেশিরভাগই জরাজীর্ণ। ফলে বাড়ছে দুর্ঘটনার পাশাপশি মৃত্যুর সংখ্যা। তুলনামূলকভাবে ঢাকার চেয়ে ঢাকার বাইরে দুর্ঘটনার হার কিছুটা কম। দূরপাল্লার বাস, ট্রাকই মূলত এক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়। অনেক সময় ফেরিতে উঠতে গিয়ে অথবা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে, অথবা প্রতিযোগিতামূলকভাবে কোনো গাড়িকে ওভারটেক করতে গিয়ে সংঘটিত দুর্ঘটনা অকালে বিধবার সাজে সাজাচ্ছে কাউকে, কাউকে বা করছে এতিম, সহায় সম্বলহীন।

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে সরকার সর্বদা সচেষ্ট থাকা সত্ত্বেও নিয়ন্ত্রিত হচ্ছে না। এর ফলে অকালে মা হচ্ছেন সন্তান হারা, স্ত্রী হচ্ছে স্বামী হারা আর সন্তান হচ্ছে পিতৃহারা। ২০১৮ সালে ঢাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর গণ-আন্দোলনে নামে দেশের প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। তারা নিজের হাতে ট্রাফিক কন্ট্রোল করে দেশের আইন যে অন্ধত্বের ভূমিকা পালন করছে তা কর্তাব্যক্তিদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই আমাদের আজ ভাবতে হচ্ছে এমন অবস্থা ও ত্রুটিপূর্ণ প্রতিকার ব্যবস্থা নিয়ে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য নিম্নলিখিত ব্যবস্থা নেয়া যেতে পারেঃ
১.সাবধানে গাড়ি চালনার জন্য চালকগণকে উদ্বুদ্ধ করার। পাশাপাশি মহাসড়কে অবৈধ রিকশার অনুপ্রবেশ রোধ
২.অনির্ধারিত স্থানে গাড়ি পার্কিং বন্ধ।
৩.লাইসেন্স প্রদানের আগে চালকের দক্ষতা ও যোগ্যতা ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। লাইসেন্সবিহীন কেউ যেন গাড়ি চালাতে না পারে সেদিকে লক্ষ রাখাও আবশ্যক।
৪.গাড়ি রাস্তায় বের করার আগে এর যান্ত্রিক কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে পারলে দুর্ঘটনা অনেকাংশেই হ্রাস পাবে।
৫.সড়ক দুর্ঘটনার শাস্তির মেয়াদ আরও বাড়ানো দরকার।
৬.মোটর যান অধ্যাদেশে যে আর্থিক ক্ষতিপূরণ এবং শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে, তা বাড়ানো প্রয়োজন।
৭.কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারী প্রচলিত পদ্ধতিতে লাইসেন্স প্রদানে প্রতিবন্ধকতা ও লাইসেন্সের কৃত্রিম সংকট সৃষ্টি করে কম দামে জাল লাইসেন্স তৈরি ও বিক্রি করে বলে অভিযোগ রয়েছে, যা কাগজপত্রের প্রমাণের অভাবে প্রতিকার করা দুরূহ। এ ধরনের জাল সার্টিফিকেট দেয়া বন্ধ করা জরুরি।
৮.পুলিশ ও বিআরটিএ উভয়ের কাজের মধ্যে সমন্বয় সাধন করতে হবে।
৯.বিমা আইনের আওতায় ক্ষতিপূরণ প্রাপ্তি আরও সহজ করা দরকার।
১০.মহাসড়কে মানুষ বা কোনো প্রাণীচালিত বাহন চলাচল বন্ধ করে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা দরকার।
১১.রাস্তায় পরিবহনে চাঁদাবাজি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
১২.ফুটপাত হকারদের দখলমুক্ত করে পথচারী চলাচলের উপযোগী করে তোলার বিষয়গুলো মাথায় রেখে গোটা ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়ন ঘটানো অপরিহার্য। অন্যথায় সড়ক দুর্ঘটনা দিনের পর দিন আরও বাড়তে থাকবে, যা দেশ ও জাতির জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
১৩.পথচারীকেও ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এ লক্ষে যথাযথ উদ্যোগ গ্রহণ করা।
১৪.গাড়ির প্রতিটি চালক ও যাত্রীদের স্মরণ রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই সচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রয়োজন কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অতিরিক্ত মাল ও যাত্রী বহন বন্ধ করা
১৫.প্রয়োজনে সব সড়কে সিসি ক্যামেরা বসাতে হবে।

নাগরিক ভাবনাঃ
বর্তমানে ঘর থেকে বের হলেই প্রত্যেক মানুষকে সড়ক দুর্ঘটনা নামক আতঙ্ক তাড়া করে বেড়ায়। প্রতিদিন দেশের কোনো না কোনো স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছেই। যার ক্ষয়ক্ষতি ভুক্তভোগী পরিবারগুলোকে সারাজীবন বয়ে বেড়াতে হয়। জনসচেতনতা এবং প্রয়োজনীয় সরকারি বেসরকারি পদক্ষেপই এই মহামারিকে রুখে দিতে পারে। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু নিশ্চয়ই সড়কে বলি হয়ে কেউই মরতে চাই না।
তাই সড়ক দুর্ঘটনার বিষয়টি যতই জটিল সমস্যা হোক না কেন সবার সামগ্রিক চেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে এই বিপদ থেকে রক্ষা পাওয়া তেমন কোনো কঠিন কাজ নয়। ‘নিরাপদ সড়ক চাই’ স্লোগানে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই হয়তো এই দুর্গতি থেকে মিলবে মুক্তি। আপনি, আমি, আমরা সকলেই পেতে পারি সড়ক দুর্ঘটনা নামক আতঙ্ক থেকে পরিত্রাণ। তবেই পেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ আবাসন।


