
সখীপুরে চৌকস পুলিশের হাতে ছিনতাই ও দস্যুতার অভিযোগে গ্রেফতার দুই
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি-টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে শাহিন সিকদার বাবু (৩২) ওরফে কট বাবু ও হাফিজুর রহমান (২৪) নামের চিহ্নিত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে পৌরসভার সৌখিনমোড় বাঁশবাড়ি মিলপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শাহিন সিকদার বাবু ওরফে কট বাবু পৌরসভার সৌখিনমোড় এলাকার মেছের শিকদারের ছেলে এবং হাফিজুর রহমান একই এলাকার সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার ঘাটাইল উপজেলার সাগরদিঘীর বেইলা লক্ষীন্দর গ্রামের ওমর ফারুক ও জাহিদ হাসান মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে সখীপুরে আসেন। শাহিন শিকদার বাবু ও হাফিজুরসহ কয়েকজন যুবক সৌখিনমোড় এলাকা থেকে তাদের আটক করে একটি বনের ভেতর নিয়ে যায়। সেখানে ওমর ফারুক ও জাহিদকে জিম্মি করে তাঁদের কাছে থাকা নগদ ৪৮ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আরও ১০ হাজার টাকা বিকাশে দেওয়ার শর্তে তাদের ছেড়ে দেয় ছিনতাইকারীরা। মোবাইল ফোনে ওমর ফারুক ও জাহিদকে টাকার জন্য চাপ দিতে থাকে। পরে ভুক্তভোগী ওই দুই যুবক রোববার দুপুরে ঘটনাটি সখীপুর থানা পুলিশকে জানালে,তাৎক্ষণিক সখীপুর থানার একটি চৌকস টিম এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে বেড়িয়ে পড়েন গ্রেফতার অভিযানে,অতি অল্প সময়ের ব্যবধানেই পুলিশের চৌকস দলটির জালে আটকে যায় শাহিন শিকদার বাবু ও হাফিজুর নামক দুইজন। অন্য সঙ্গীয় অপরাধী চক্রের কয়েকজন সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পলকেই সটকে পড়তে সক্ষম হন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটিকে ধরার চেষ্টা চলছিল। অবশেষে দুইজনকে গ্রেফতার করতে পেরেছি। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, দস্যুতার মামলায় শাহিন শিকদার ওরফে কট বাবুসহ দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের গ্রেফতার হওয়ার খবরে এলাকার মানুষ ফোন করে পুলিশকে ধন্যবাদও জানাচ্ছেন।
ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি
তারিখ ১১ ডিসেম্বর ২৩ ইং।
মোবাইল 01630385217


