টাঙ্গাইলের সখীপুরে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা
মোঃ শামীম হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার
ভাঙচুরকৃত গাড়ি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
গত ২১ নভেম্বর রাত ১০.১৫ মিনিটের দিকে সখিপুর উপজেলার বোয়ালী বাজারে আগামী সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি মনির আহমেদ মনা (এশিয়াটিক গ্রুপ অব কোম্পানি লিমিটেডের এমডি) সখীপুর উপজেলার বোয়ালী বাজারে একটি ধর্মসভায় অতিথি হিসেবে যাওয়ার পথে বোয়ালী বাজার এলাকায় হামলার শিকার হয়েছেন।
অভিযোগ উঠেছে, সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুর নেতৃত্বে ৪০/৫০ জন সশস্ত্র সন্ত্রাসী একযোগে অতর্কিত হামলা করেন।
এতে এশিয়াটিক গ্রুপ অব কোম্পানি লিমিটেডের একটি প্রোবক্স গাড়ী,৫ কোটি টাকার ল্যান্ড ক্রুইজার প্র্যাডো গাড়ীতে ব্যাপক ভাংচুর করে।
মনির আহমেদ মনা অভিযোগ করেন, ‘এসময় তার গাড়ীতে থাকা সাড়ে ৮ লাখ টাকা নিয়ে যায় হামলাকারীরা।’
বিএনপি নেতা মনির আহমেদ জানান, ‘সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে গাড়ীর ড্রাইভার টুটুল, সহকারী রমজান মারাত্মক আহত হয়।সন্ত্রাসীদের আক্রমনে মনির আহমেদ মনার রাজনৈতিক কর্মী শহিদুল ইসলাম মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।রাতে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থা আশংকাজনক হলে শহিদুল ইসলামকে ঢাকায় রেফার্ড করা হয়।সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
মনির আহমেদ মনা অভিযোগ করে বলেন, ‘আমি একজন বিএনপির কর্মী,সামনে জাতীয় নির্বাচন,এজন্য দলের হয়ে সখীপুর-বাসাইলেই জনসংযোগ করছি।কিন্তু এ এলাকা থেকে বিগত দুইবার বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে লজ্জাজনক পরাজিত হন সাবেক জাসদ ছাত্রলীগ থেকে দলে আসা বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এডঃ আহমেদ আযম খান।এখানে সে একক আধিপত্য বিস্তার করে দলকে অযোগ্য ও পকেট কমিটি দিয়ে জবরদখল করে আছে দীর্ঘদিন।’
তিনি আরও বলেন, ‘দল আগামী নির্বাচনে যাকেই মনোনয়ন দিবেন, আমরা তাকেই গ্রহণ করবো।কিন্তু তিনি যেভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকা জবরদখল করে আছেন,তাতে মনে হয় তার বাইরে দলীয় কাজ করা যাবেনা অন্য কাউকেই! আমি এমন নেক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনার জন্য ধিক্কার জানাচ্ছি পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান সাহেবসহ দলীয় হাইকমান্ডের নিকট এর সঠিক বিচার প্রার্থনা করছি।একই সাথে সখিপুরবাসীর কাছে এসব সন্ত্রাসীদের রুখে দেবার আহ্বান জানাই।সেইসাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে সন্ত্রাসীদের গ্রেফতার এর আহ্বান জানাচ্ছি।’
এ বিষয়ে সখীপুর থানার (ওসি তদন্ত) প্রবাস কুমার দাস বলেন, ‘ঘটনা সম্পর্কে জেনেছি কিন্তু লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


