রাজারহাটে সেহরির পর ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীর আত্নহত্যা
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী মিয়াজী পাড়া গ্রামে এক অন্তঃসত্ত্বা নববধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম নাসরিন বেগম (২০)। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কোরবানি ঈদের পর উলিপুরের গড়াইরহাট এলাকার বাসিন্দা নাসরিন বেগমের সাথে রাজারহাটের চান্দামারী মিয়াজী পাড়া গ্রামের নুর আলমের (২৪) বিয়ে হয়। বর্তমানে নাসরিন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
গতকাল দিবাগত রাতে পরিবারের সবার সাথে সেহরি খেয়ে নাসরিন ও তার স্বামী নিজ ঘরে ঘুমাতে যান। আজ সকাল সাড়ে আটটার দিকে নুর আলম ঘুম থেকে উঠে প্রথম নাসরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
নুর আলমের মা নুন্নেছা বেগম জানান, সাম্প্রতিক সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ধরনের ঝগড়া বা কলহ ছিল না। হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটলো, সে বিষয়ে তারা কিছুই বুঝতে পারছেন না।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় নিহতের গ্রামে শোকাতুর পরিবেশ বিরাজ করছে।


