যুক্তরাষ্ট্রকে ছেড়ে চীনের ঘনিষ্ঠ হচ্ছে জার্মানি
জ্বালানি দিতে প্রস্তুত রাশিয়া; খাদ্য পাঠাবে কানাডা
মার্কিন নিষেধাজ্ঞায় ধুঁকছে কিউবা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, তার সরকার কিউবাকে জ্বালানি সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। যুক্তরাষ্ট্রের আরোপিত তেল নিষেধাজ্ঞার কারণে কিউবার জ্বালানি সংকট চরমে পৌঁছেছে, যা দ্বীপরাষ্ট্রটিতে মানবিক সংকটের আশঙ্কা তৈরি করেছে। রাশিয়ান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ-র বরাতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) এই তথ্য জানা গেছে।
এর কয়েকদিন আগে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন, মস্কো কিউবাকে “উপাদানগত সাহায্য” প্রদান করবে। রাশিয়া সম্প্রতি পর্যন্ত কিউবার অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ ছিল, যেখানে মেক্সিকো ও ভেনেজুয়েলাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু গত মাসে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর কিউবার জ্বালানি সরবরাহ ব্যাহত হয়।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের লক্ষ্যে সামরিক অভিযান চালায়। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, কিউবার ভেনেজুয়েলান তেল ও অর্থ সরবরাহ বন্ধ করা হবে। ২৯ জানুয়ারি এক নির্বাহী আদেশে তিনি কিউবাকে তেল সরবরাহকারী যেকোনো দেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দেন। এতে কিউবার জ্বালানি গ্রিড (যা মূলত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল) চরম সংকটে পড়েছে।
জাতিসংঘ সতর্ক করেছে, এ অবস্থা চলতে থাকলে দ্বীপে মানবিক “ধস” নেমে আসতে পারে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত সপ্তাহে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজের সঙ্গে সাক্ষাতে ট্রাম্পের এই নির্বাহী আদেশকে “অগ্রহণযোগ্য” বলে সমালোচনা করেন।

এদিকে কানাডা কিউবাকে খাদ্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। মেক্সিকোও জ্বালানি নিষেধাজ্ঞা ভাঙার চেষ্টা করছে। কিউবার অর্থনীতি দশকের পর দশক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক-রাজনৈতিক সংকটের কারণে দুর্বল। কোভিড-১৯ মহামারির সময় পর্যটন খাত ধসে পড়ায় লাখ লাখ মানুষ দেশ ছেড়েছে। সংখ্যাটা প্রায় ২০ লাখ, যা দেশের জনসংখ্যার ১০ শতাংশেরও বেশি। রাশিয়া-কিউবা আন্তঃসরকারি কমিশন এখন জ্বালানি সহযোগিতা নিয়ে কাজ করছে। নোভাক বলেছেন, প্রস্তাবগুলো সরকারে আলোচনাধীন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রকে ছেড়ে চীনের ঘনিষ্ঠ হচ্ছে জার্মানি:
বিশ্ব অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম শক্তি চীনের সাথে বিদ্যমান বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে সফল সফর শেষ করলেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। বুধবার বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এক উচ্চপর্যায়ের বৈঠকে জার্মানি থেকে আরও উচ্চমানের পণ্য আমদানির প্রতিশ্রুতি আদায় করেছেন তিনি। চ্যান্সেলর হিসেবে এটিই ছিল চীনের মাটিতে মের্জের প্রথম সফর।
একটি বিশাল ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে বেইজিং পৌঁছানো মের্জ দ্বিপাক্ষিক আলোচনার শুরুতেই গত বছরের শীর্ষ বাণিজ্যিক অংশীদার চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্বীকার করেন যে বর্তমানে কিছু চ্যালেঞ্জ থাকলেও গত কয়েক দশকের সহযোগিতার ভিত্তি অত্যন্ত মজবুত।
অন্যদিকে, বৈশ্বিক অস্থিরতার এই সময়ে কৌশলগত যোগাযোগ এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ফ্রিডরিশ মের্জের এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন তিনি নিজেই সতর্ক করেছেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মার্কিন-নির্ভর বৈশ্বিক শৃঙ্খলা আর আগের মতো নেই। ইউরোপকে এখন নিজের পায়ে দাঁড়াতে হবে। ভক্সওয়াগেন এবং বিএমডব্লিউ-এর মতো শীর্ষ ৩০টি জার্মান প্রতিষ্ঠানের নির্বাহীদের এই সফরে সাথে রাখা স্পষ্ট বার্তা দেয় যে, চীন জার্মানির জন্য কেবল প্রতিদ্বন্দ্বীই নয়, বরং এক অপরিহার্য বাজার।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের সাথে ইউরোপের অনিশ্চিত সম্পর্ক এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে উঠতে বেইজিং এখন নিজেকে একটি নির্ভরযোগ্য অর্থনৈতিক অংশীদার হিসেবে প্রমাণ করতে মরিয়া। মের্জের এই সফর সেই লক্ষ্যেই একটি ভারসাম্যপূর্ণ পদক্ষেপ।
সূত্র: আল-জাজিরা, ডন।


