ইরানের অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জব্দ করা অর্থ যুক্তরাষ্ট্রকে ফেরত দিতে হতে পারে। তিনি জানান, ওই অর্থ ইরানের এবং ফেরত না দিলে কেউ ডলারে বিনিয়োগ করবে না।
ট্রাম্প আরও জানান, ইরান চুক্তির শর্ত মেনে চললে দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে বড় বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
বুধবার (১৭ জুন) জি-৭ সম্মেলন শেষে ফ্রান্সে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিপুল পরিমাণ অর্থ জব্দ করে রেখেছে এবং তা ফিরিয়ে দিতে হবে। ট্রাম্পের মতে, ‘এটা আমাদের অর্থ নয়, এটা তাদের অর্থ। আমরা একসময় এটি জব্দ করেছিলাম।’
তিনি আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য শর্তাবলীর অধীনে সামরিক অভিযান বন্ধ এবং নিষেধাজ্ঞা শিথিল করার পথ তৈরি করা হয়েছে। চুক্তির আনুষ্ঠানিক অনুষ্ঠান শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে।
চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র আঞ্চলিক সহযোগিতায় ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা করবে, তবে ট্রাম্প স্পষ্ট করেন যে যুক্তরাষ্ট্র সরাসরি অর্থ দেবে না। তিনি বলেন, ‘আমরা কোনও অর্থ দিচ্ছি না। তারা সঠিকভাবে আচরণ করলেই এটি সম্ভব হবে।’
ট্রাম্প উল্লেখ করেন, ইরানের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা শিথিলের জন্য সঠিক আচরণের প্রয়োজন রয়েছে। যুক্তরাষ্ট্র প্রকাশিত ১৪ দফা সমঝোতা স্মারকে বলা হয়েছে, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইরানের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেবে ওয়াশিংটন।


