দুই কোটি টাকার সরকারি খাদ্যশস্য আত্মসাৎ: ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা « বাংলাখবর প্রতিদিন

দুই কোটি টাকার সরকারি খাদ্যশস্য আত্মসাৎ: ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৬ | ৮:৩৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৬ | ৮:৩৮
Link Copied!

মোট ২ কোটি ১ লাখ ৭৫ হাজার ৩৫২ টাকা মূল্যের সরকারি খাদ্যশস্য আত্মসাৎ ও মজুতের অনিয়মের অভিযোগে কুড়িগ্রাম খাদ্য বিভাগের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার কুড়িগ্রাম জেলা সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী।

মামলার আসামিরা হলেন কুড়িগ্রাম সদর খাদ্যগুদামের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ আহমেদ, তৎকালীন সহকারী উপখাদ্য পরিদর্শক মো. হেলাল উদ্দিন, কুড়িগ্রাম সদর উপজেলার তৎকালীন খাদ্য নিয়ন্ত্রক মো. হালিমুর রহমান এবং কুড়িগ্রামের বর্তমান ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। নথিবহির্ভূত চাল মজুতের ঘটনায় শরীফ আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(খ) ধারায় পৃথক অভিযোগও আনা হয়েছে।

বিজ্ঞাপন

দুদকের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি খাদ্যশস্যের মজুত ও সংগ্রহের নথি পর্যালোচনা এবং বাস্তব মজুত যাচাইয়ে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। নথিতে থাকা চালের সঙ্গে বাস্তব মজুতের ঘাটতি, সংগ্রহ করা ধানের হিসাবের অসংগতি এবং বিল পরিশোধের পরও গুদামে খাদ্যশস্য না পাওয়ার ঘটনা রয়েছে।

এজাহার অনুযায়ী, চলতি বছরের ১১ জানুয়ারি দুদকের একটি এনফোর্সমেন্ট দল কুড়িগ্রাম সদর খাদ্যগুদামের শিশু নিকেতন ও খলিলগঞ্জ গুদামে অভিযান চালায়। অভিযানে চাল ও ধানের মজুত, খাদ্যশস্য সংগ্রহ এবং বিল পরিশোধসংক্রান্ত নানা অসংগতির প্রমাণ পায় দলটি।

দুদকের হিসাবে, এসব অনিয়মের মাধ্যমে চার কর্মকর্তা পরস্পর যোগসাজশে প্রায় ২ কোটি ১ লাখ ৭৫ হাজার ৩৫২ টাকা মূল্যের সরকারি খাদ্যশস্য আত্মসাৎ করেছেন।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম সদরের শিশু নিকেতন স্কুলসংলগ্ন গুদামের পশ্চিম গেটের কাছে নথিবহির্ভূতভাবে ১১৯ মেট্রিক টন চালের মজুতও পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। চালগুলোর মূল্য প্রায় ৬৯ লাখ ৩৯ হাজার ৯৫৯ টাকা। চাল সংগ্রহ, ওজন, মজুত কিংবা পরিবহনসংক্রান্ত বৈধ কোনো নথি দেখাতে পারেননি শরীফ আহমেদ বলে অভিযোগে বলা হয়েছে।

দুদক জানিয়েছে, তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে।

মামলার বাদী মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘অভিযানের পর আমরা দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠিয়েছিলাম। সম্প্রতি প্রধান কার্যালয় থেকে মামলা দায়ের করার অনুমোদন দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে আদালতে মামলা দায়ের করেছি।’

মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। আপনার কাছে জানলাম। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’

অন্য তিন আসামির বক্তব্য পাওয়া যায়নি। ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক ছাড়া অন্য তিন কর্মকর্তা বদলি হয়ে বিভিন্ন জেলায় কর্মরত আছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত