শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা « বাংলাখবর প্রতিদিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৬ | ১০:০৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৬ | ১০:০৯
Link Copied!

শ্রম অসন্তোষের জেরে আজ মঙ্গলবারও দেশের ৪৬৯টি তৈরি পোশাক (আরএমজি) কারখানা বন্ধ রয়েছে। চলমান অস্থিরতায় সময়মতো পণ্য রপ্তানি এবং ক্রয়াদেশ (ওয়ার্ক অর্ডার) বাতিল হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কারখানার মালিকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত কয়েকদিন ধরে পোশাক শ্রমিকরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও আন্দোলন চালিয়ে আসছেন। শ্রমিকদের মজুরি নির্ধারণে সুপারিশ দেওয়ার লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করলেও আন্দোলন থামেনি।

বিজ্ঞাপন

বরং কাজে যোগ না দিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন শ্রমিকদের একটি অংশ। এসময় বিভিন্ন কারখানায় ভাঙচুর এবং কারখানার গাড়িসহ বিভিন্ন যানবাহনে হামলা ও ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় উদ্বেগ বাড়ছে পোশাক কারখানার মালিকদের মধ্যে। নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠাতে না পারলে রপ্তানি আদেশ বাতিল হওয়ার আশঙ্কা করছেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা দীর্ঘায়িত হলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখাও কঠিন হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

মজুরি নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের বিরোধের দ্রুত সমাধান এবং কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ফিরিয়ে আনা এখন শিল্প-সংশ্লিষ্টদের প্রধান প্রত্যাশা।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান জাগো নিউজকে বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতেই সরকার মজুরি বোর্ড গঠন করেছে। এই বোর্ড তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণে সুপারিশ করবে। তাই মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি।

তিনি বলেন, মজুরি নির্ধারণের জন্য সরকার যখন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে, তখন আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের সুযোগ রয়েছে। এ অবস্থায় আন্দোলন ও কর্মবিরতি অব্যাহত থাকলে কারখানার উৎপাদন ব্যাহত হবে। এতে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা মালিকদের জন্য কঠিন হয়ে পড়বে। রপ্তানি আদেশ বাতিল হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

ফজলে শামীম এহসান আরও বলেন, উৎপাদন ও সরবরাহব্যবস্থায় দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ও আস্থা ক্ষতিগ্রস্ত হবে। একবার ক্রেতাদের আস্থায় সংকট তৈরি হলে তা পুনরুদ্ধার করা সহজ হবে না। এর নেতিবাচক প্রভাব শুধু কারখানার মালিকদের ওপর নয়, পুরো শিল্পের ওপর পড়বে।

শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভাঙচুর ও সহিংসতার পথ পরিহার করে শ্রমিকদের কাজে ফেরা উচিত। কোনোভাবেই শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত করা সমীচীন নয়। কারণ, শিল্প ক্ষতিগ্রস্ত হলে শেষ পর্যন্ত এর প্রভাব শ্রমিকদের ওপরও পড়বে। কারখানা বন্ধ হয়ে গেলে কর্মসংস্থান, আয় ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়েই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করে মজুরি বোর্ডের সুপারিশের জন্য অপেক্ষা করা এবং শিল্পের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

বিষয়ঃ jagonews24.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত