এআইয়ের হাতে মানবজাতির নিয়ন্ত্রণ তুলে দেওয়ার পক্ষে নন অ্যানথ্রপিকের প্রধান
ডেস্ক নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাতে মানবজাতির সিদ্ধান্ত গ্রহণ ও শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ তুলে দেওয়ার পক্ষে নন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। তিনি বলেছেন, এআইয়ের হাতে শাসনক্ষমতা ছেড়ে দেওয়া ভয়াবহ একটি ধারণা। তবে মানুষের বিভিন্ন কাজ এআইয়ের মাধ্যমে আরো দক্ষতার সঙ্গে সম্পন্ন করার সম্ভাবনাকে তিনি ইতিবাচকভাবে দেখেন।
বিজ্ঞাপন
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যানথ্রপিকের ভেতরে একটি বিষয়ে ঐকমত্য রয়েছে। সেটি হলো, যেসব কাজ মানুষ থেকে এআই ভালোভাবে করতে পারবে, সেসব ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার কিছু ক্ষমতা প্রযুক্তিটির হাতে তুলে দেওয়া উচিত। রোগ নিরাময়ের মতো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এআইয়ের হাতে কর্তৃত্ব না দেওয়াকে অযৌক্তিক, এমনকি অনৈতিক বলেও মনে করেন আমোদেই ও প্রতিষ্ঠানের অন্য নির্বাহীরা।
নাম প্রকাশ না করা সূত্রের বরাত দিয়ে বুধবার এ প্রতিবেদন প্রকাশ করে অ্যাক্সিওস।
তবে ওই প্রতিবেদনের বক্তব্যের বিরোধিতা করেছেন আমোদেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এআইয়ের হাতে শাসনক্ষমতা তুলে দেওয়ার পক্ষে তিনি নন। তার ভাষায়, ‘এআইয়ের হাতে শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ তুলে দেওয়া ভয়াবহ একটি ধারণা।’
আমোদেই আরো বলেন, ‘আমি যদি মনে করতাম, এসবের কোনোটি ভালো ধারণা, তাহলে প্রকাশ্যেই তার পক্ষে কথা বলতাম। গত কয়েক বছরে অনেক অজনপ্রিয় মতের পক্ষে কথা বলতে আমি পিছপা হইনি। কিন্তু আমি এর পক্ষে কথা বলছি না।’
আমোদেইয়ের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীরা বলছেন, মানুষের বুদ্ধিমত্তার সমান বা তার চেয়ে বেশি সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে এআই।
এক্সে দেওয়া পোস্টে আমোদেই বলেন, এআইকে নির্দিষ্ট কিছু কাজের দায়িত্ব দেওয়া এবং বৈশ্বিক শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ পুরোপুরি প্রযুক্তিটির হাতে তুলে দেওয়া—এই দুটি বিষয়কে অনেকে এক করে ফেলছেন। অথচ বিষয় দুটি এক নয়।
তিনি বলেন, এখানে এআইয়ের হাতে ‘বিশ্ব পরিচালনার’ দায়িত্ব তুলে দেওয়ার কথা হচ্ছে না। বরং এআই দিয়ে গাড়ি চালানো, ক্যানসারের ওষুধ তৈরি কিংবা শুরু থেকে শেষ পর্যন্ত সফটওয়্যার তৈরি করার মতো কাজের কথা বলা হচ্ছে।
এ ধরনের কাজে এআইয়ের ব্যবহার নিয়ে তার অবস্থান মিশ্র বলে জানান আমোদেই। তার মতে, এআইয়ের মাধ্যমে আরো বড় ও জটিল কাজ সম্পন্ন করা অর্থনৈতিকভাবে লাভজনক। সফটওয়্যার, চিকিৎসা, পরিবহন ও জ্বালানিসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতির সুযোগ তৈরি করতে পারে এটি।
আমোদেই বলেন, অনেক ক্ষেত্রেই এআইয়ের এ ধরনের ব্যবহার স্পষ্টতই ইতিবাচক এবং এর মাধ্যমে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব। তবে এর নেতিবাচক দিকও রয়েছে। কিছু ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তির ব্যবহার আদৌ লাভজনক বা গ্রহণযোগ্য না-ও হতে পারে।
‘এআইয়ের সক্ষমতা বাড়ছে, নিয়ন্ত্রণের প্রশ্নও জোরালো হচ্ছে’
এআই মানুষের সেরা মেধাবীদের সমান বা তাদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনা চলছে। মানুষের সাধারণ বুদ্ধিমত্তার সমান বা কাছাকাছি সক্ষমতা অর্জনকারী এআইকে বলা হয় কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই)। আর মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাওয়া ব্যবস্থাকে বলা হয় কৃত্রিম অতিবুদ্ধিমত্তা (এএসআই)।
এ ধরনের প্রযুক্তি মানবকল্যাণে ব্যবহার করা সম্ভব হবে কি না, নাকি তা মানবজাতির জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে উঠবে—এ নিয়ে সিলিকন ভ্যালিসহ বিশ্বের বিভিন্ন মহলে বিতর্ক চলছে।
এআইয়ের নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, অত্যন্ত উন্নত সক্ষমতার এআই মডেল একসময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে মানুষের সরাসরি সহায়তা ছাড়াই যখন এআই নিজেকে আরো উন্নত করতে পারবে, তখন এই ঝুঁকি বাড়তে পারে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘রিকর্সিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’ বা পুনরাবৃত্তিমূলক স্বউন্নয়ন।
এদিকে এএসআই তৈরির বিরোধিতায় কাজ করা অলাভজনক সংস্থা ইভিটেবলের প্রতিষ্ঠাতা ডেভিড ক্রুগার বলেছেন, মানবজাতি এআইয়ের নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে আমোদেই যদি সত্যিই উদ্বিগ্ন হন, তাহলে অ্যানথ্রপিকের উচিত তাদের এআই উন্নয়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা।
আলজাজিরাকে ক্রুগার বলেন, এআইয়ের নিয়ন্ত্রণ হারাতে হলে মানুষকে সচেতনভাবে প্রযুক্তিটির হাতে ক্ষমতা তুলে দিতে হবে, এমন নয়। এআইয়ের সক্ষমতা যত বাড়বে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব থেকে মানুষকে সরিয়ে দেওয়ার চাপও তত বাড়বে।
তিনি আরো বলেন, আমোদেইয়ের নিজের প্রতিষ্ঠানের গবেষকেরাও সতর্ক করছেন যে এআইয়ের সক্ষমতা বাড়ার গতি একে নিয়ন্ত্রণে রাখার সক্ষমতার চেয়ে বেশি। এ পরিস্থিতিতে উন্নত এআই নিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের ওপর অবিলম্বে অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক স্থগিতাদেশ প্রয়োজন।
২০২৮ সালের আগেই এজিআই আসার সম্ভাবনা দেখছেন গুগলের বিজ্ঞানী
এজিআই ও এএসআইয়ের সর্বজনস্বীকৃত কোনো সংজ্ঞা এখনো নেই। তবে গত এক সপ্তাহে প্রযুক্তি খাতের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইঙ্গিত দিয়েছেন, এ ধরনের প্রযুক্তি বাস্তবে আসার সময় ঘনিয়ে এসেছে।
গুগল ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান এজিআই বিজ্ঞানী শেন লেগ বুধবার বলেছেন, ২০২৮ সালের আগেই ‘ন্যূনতম পর্যায়ের’ এজিআই আসার সম্ভাবনা ৫০ শতাংশের বেশি বলে তিনি মনে করেন।
এক্সে দেওয়া এক পোস্টে লেগ বলেন, ‘আমরা এখন সেই সময়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
এর আগে রোববার মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং বলেন, এএসআই ‘আসছে’। এ প্রসঙ্গে তিনি অ্যানথ্রপিকের এক কর্মীর ক্লড এআই ব্যবহার করে রিম্যান হাইপোথিসিস সমাধানের ঘোষণার কথা উল্লেখ করেন। গণিতের অন্যতম কঠিন সমস্যা হিসেবে পরিচিত এই অনুমানটির সমাধান দীর্ঘদিন ধরে গবেষকদের কাছে বড় চ্যালেঞ্জ।
ওয়াং এক্সে বলেন, আগামী এক বছরে মানবজাতি কীভাবে পদক্ষেপ নেয়, তার ওপর ভবিষ্যতে আমরা কেমন পৃথিবীতে বসবাস করব, তা অনেকাংশে নির্ভর করবে।


