দুর্গম চরাঞ্চলের শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন ইউএনও মাহবুব হাসান
ডেস্ক নিউজ
যেখানে যান, সেখানেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন তিনি। কখনো যমুনার তীরে, কখনো দুর্গম চরের মেঠোপথে, আবার কখনো বিদ্যালয়ের আঙিনায়। হাতে থাকে বই, চোখে সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন। বইয়ের পাতায় পাতায় তিনি স্বপ্নের বীজ বুনে দেন এবং জাগিয়ে তোলেন অজানাকে জানার আগ্রহ। তাঁর মতে, একটি বই বদলে দিতে পারে একটি জীবন, আর আলোকিত একজন মানুষ বদলে দিতে পারে একটি সমাজ। এমনই মানবিক উদ্যোগের মধ্য দিয়ে যমুনাবেষ্টিত টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নের সারথি হয়ে উঠেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান।
যমুনার বুকে জেগে থাকা ভূঞাপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে দারিদ্র্য, নদীভাঙন, দুর্গম যোগাযোগব্যবস্থা ও জীবনসংগ্রাম অনেক শিশুর শিক্ষাজীবনের নিত্যসঙ্গী। কৃষিজীবী ও স্বল্প আয়ের পরিবারের সন্তানদের কাছে পাঠ্যবইয়ের বাইরের বই অনেক সময়ই অধরা থেকে যায়। অথচ এই বইগুলোই পারে তাদের চিন্তার জগৎ প্রসারিত করতে, কল্পনার দুয়ার খুলে দিতে এবং জীবনের লক্ষ্য নির্ধারণে নতুন দিশা দেখাতে। সেই উপলব্ধি থেকেই দুর্গম জনপদের শিক্ষার্থীদের কাছে জ্ঞানের আলো পৌঁছে দিতে বইকে বেছে নিয়েছেন তিনি। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন প্রান্তে নিজ উদ্যোগে হাজারের বেশি বই বিতরণ করেছেন ইউএনও মাহবুব হাসান।
দায়িত্বের মাঝেও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানো, তাদের স্বপ্নের কথা শোনা এবং হাতে একটি বই তুলে দেওয়ার এই প্রচেষ্টা তাঁর দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে মানবিক অঙ্গীকারে রূপ নিয়েছে। তিনি জানেন, একটি বই হাতে তুলে দিলেই রাতারাতি বদলে যাবে না কোনো শিশুর জীবন। তবে সেই বইয়ের একটি পৃষ্ঠা, একটি গল্প কিংবা একটি ভাবনা কোনো একদিন জীবনের গতিপথ বদলে দিতে পারে। চরের পথে পথে বই হাতে এগিয়ে চলার এই গল্প নিছক বই বিতরণের গল্প নয়; বরং সম্ভাবনাময় একটি প্রজন্মের হাতে আলোর মশাল তুলে দেওয়ার গল্প। যমুনার ভাঙনে যেখানে প্রতিনিয়ত হারায় মানুষের বসতভিটা, শৈশবের স্মৃতি আর পূর্বপুরুষের ঠিকানা, সেখানে বইয়ের পাতায় পাতায় নতুন ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন বুনছেন তিনি।


