
সারাদেশে ১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ
সারাদেশে ১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সারাদেশে ১০০টি সড়ক সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একসঙ্গে নবনির্মিত সেতুগুলোর উদ্বোধন ঘোষণা করেন।
২৫টি জেলায় যানবাহন চলাচলের জন্য একযোগে এই ১০০ সেতু উদ্বোধন করেছেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “এটি হচ্ছে একযোগে ১০০ সেতু উদ্বোধনের একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।”
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকার ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ১০০টি সেতু নির্মাণ করেছে। সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।
নবনির্মিত সেতুগুলো রাজধানীর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করেছে। আর এগুলো ৩৩টি রুটে ফেরি পরিষেবা মুক্ত করেছে যা সড়ক যোগাযোগকে মসৃণ, দ্রুত, সহজতর এবং নিরাপদ করবে।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


