
শিশু ধর্ষণ ও হত্যা মামলায় কুমিল্লায় দুজনের মৃত্যুদণ্ড
ডেস্ক নিউজ
শিশু ধর্ষণ ও হত্যা মামলায় কুমিল্লায় দুজনের মৃত্যুদণ্ড -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার মনোহরগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, একইসঙ্গে তাদের এক লাখ টাকা অর্থদণ্ড দেন। মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া ও একই গ্রামের মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে আমির হামজা। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ মার্চ সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের এক কৃষকের ১০ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়। এ সময় ভুক্তভোগী ওই শিশু বিষয়টি তার পরিবারকে জানাবে বললে ধর্ষক বাচ্চু মিয়া ও আমির হামজা ক্ষুব্ধ হয়ে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় বাচ্চু মিয়া ও আমির হামজাকে গ্রেফতার করে আদালতের পাঠালে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালতের বিচারক তাদের মৃত্যুদণ্ড দেন। আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত।


