
রাবিতে ‘জোহা হল কথা কয়’ নাটকের শংসাপত্র প্রদান!
আল-মামুন আশিক, রাবি
রাবিতে ‘জোহা হল কথা কয়’ নাটকের শংসাপত্র প্রদান! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জোহা হল কথা কয়’ নাটকটির অংশবিশেষের ভিডিও প্রদর্শনী এবং কলাকুশলীদের প্রশংসাপত্র প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জোহা চত্বরে ৩৯ মিনিটের একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রথম ১৮ মিনিট নাটকটির ভিডিও প্রদর্শনী এবং পরবর্তী ২১ মিনিট শিল্পীদের প্রশংসাপত্র প্রদান করা হয়।
গত ২০২১ সালের ৯ অক্টোবর রাবির শহীদ শামসুজ্জোহা হলে ২০১ জন শিল্পির অংশগ্রহণে ‘জোহা হল কথা কয়’ নাটকটি মঞ্চস্থ হয়েছিল। নাটকটির কলাকুশলীদের গত নভেম্বর মাসে প্রশংসাপত্র পাঠায় শিল্পকলা একাডেমি। তবে জোহা দিবসে প্রশংসাপত্র প্রদানের জন্য অপেক্ষা করা হচ্ছিলো।
প্রশংসাপত্র প্রদানের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘জোহা হল কথা কয়’ নাটকটিতে শুধু জোহা হলের কথা নয় পুরো জাতির কথা। আজকের এই নাটকটিতে যারা সফলভাবে উপস্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের ধন্যবাদ। নাটকে জোহা হলে যে কান্না আমরা দেখলাম সেটা আমাদের জানতে হবে। আমরা যে প্রতিজ্ঞার কথা শুনলাম তা আমাদের বাস্তবজীবনে ধারণ করতে হবে।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, এই নাটকে স্বাধীনতা সংগ্রামের ও মুক্তির সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। যা নতুন প্রজন্মের জন্য অন্তত সময় উপযোগী এবং কর্যকরী। সরকারের সুস্থ সংস্কৃতিতে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনার আলোকে এসব কর্মসূচি অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রসাশনের সহযোগিতায় এ ধরনের প্রগতিশীল চিন্তা চেতনা সম্পন্ন প্রোগ্রাম পরবর্তীতে আবারও দেখানো হবে।
নাটকটির নির্দেশক নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দুইজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার ও মকবুল হোসেন এবং ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেমসহ প্রমূখ।


