
নাগরিক প্ল্যাটফর্মের জরিপে দুর্নীতি ও তরুণদের মত
৬৯ শতাংশ তরুণদের মত: উন্নয়নে মূল বাধা দুর্নীতি-স্বজনপ্রীতি
ডেস্ক নিউজ
যুব সম্মেলন ২০২৩ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী প্রত্যক্ষ শক্তি হলো সেই দেশের যুবসমাজ। যুবসমাজ বা তারুণ্যকে বাদ দিয়ে আপনি কোনো কিছু চিন্তাও করতে পারবেন না। অর্থ্যাৎ দেশের তরুণ প্রজন্মের যেকোনো মতামত আপনাকে গুরুত্বসহকারে গ্রহণ করতে হবে। বাংলাদেশের বেলায়ও তরুণদেরকেই প্রাধান্য দেয়া হয়। কারণ এই সামষ্টিক শক্তির হাত ধরেই দেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পৌঁছাবে। তরুণ প্রজন্মের মতামতসহ নানাবিধ জরিপ মূলক কাজ করে থাকে নাগরিক প্ল্যাটফর্ম। ইতোমধ্যে তাদের সর্বশেষ জরিপের আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে।
জরিপ অনুসারে দেশের ৬৯.৪ শতাংশ তরুণ দুর্নীতি ও স্বজনপ্রীতিকে উন্নয়নে প্রধান বাধা হিসেবে দেখেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবকে ৪৬.৫ শতাংশ, প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থরক্ষায় প্রাধান্য দেওয়াকে ৩২.৬ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক দক্ষতার-সমন্বয়ের অভাবকে ২৮.১ শতাংশ তরুণ উন্নয়নে প্রধান বাধা মনে করেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এক মাসে ৫ হাজার ৭৫ জন তরুণ (১৮-৩৫) অনলাইন জরিপে অংশ নেন। এছাড়াও ২৮টি তরুণ নেতৃত্বের প্রতিষ্ঠান, ২০টি ফোকাস গ্রুপ ডিসকাশন ও গত ১০ বছরের লিটারেচার রিভিউয়ের মাধ্যমে এই জরিপ পরিচালনা করা হয়।
গতকাল শনিবার রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে যুব সম্মেলন ২০২৩-এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের জনসংখ্যা এখন প্রায় সাড়ে ১৬ কোটি, বড় অংশই তরুণ। তাদের বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে। বাংলাদেশের এখন সবচেয়ে বড় সম্ভাবনাময় জনশক্তি যুবরা।
প্রতি দশকে এই বয়সীদের সংখ্যা ও অনুপাত বাড়ছে। ২০০১ সালে ছিল ২৯ শতাংশ, ২০১১ সালে ২৯.৫ শতাংশ এবং ২০২২ সালে এসে দাঁড়িয়েছে ৩৩.৫ শতাংশ। ২০০৮ সালের নির্বাচনের পরে নতুন ভোটার হয়েছে সাড়ে ৩ কোটি তরুণ। এই যুবসমাজের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা আগামী দিনের বাংলাদেশে গড়ে তোলার ক্ষেত্রে যুক্ত করতে আমরা কতটুকু সফল, কতটুকু কার্যকর, কতটুকু ফলপ্রসূ এই জিজ্ঞাসাটা আমাদের বারবার আসছে। এই জিজ্ঞাসার ভেতরে একটা বড় জিজ্ঞাসা হলো রাষ্ট্র, দেশ, রাজনীতি, সমাজনীতি, পেশা পরিচালনার ক্ষেত্রে ঘর-সমাজের ভূমিকা আমরা বজায় রাখতে পারছি কি না এবং সেই ভূমিকা বাড়ানোর একটা বড় জায়গা হলো গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে।
তিনি বলেন, সামনের নির্বাচনে আমরা যুবসমাজের অংশগ্রহণকে আরও জোরদারভাবে দেখতে চাই, আশা করি নির্বাচন নিয়ে যেসব সংশয়, বিভ্রান্তি বা উদ্বেগ আছে সেগুলো আগামী দিনে কেটে যাবে।
জরিপে দেখা গেছে, তরুণরা সম্প্রতি অবকাঠামো, তথ্যপ্রযুক্তির বিস্তার, শিক্ষায় অভিগমন এবং সামাজিকনিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধির মতো বিষয়ে সাফল্য এসেছে বলে মনে করেন।

যুব জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে উন্নয়নের অগ্রাধিকার হিসেবে দুর্নীতি দমন, জবাবদিহিতা ও মতপ্রকাশের স্বাধীনতার কথা বলেছেন ৫৬.২ শতাংশ। ৫৫.৪ শতাংশ উল্লেখ করেছেন মানসম্মত শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি। ৪০.২ শতাংশ জরিপ অংশগ্রহণকারী তরুণ দেশ ও দেশের বাইরে কর্মসংস্থানের ওপর জোর দিয়েছেন।
জরিপে দেখা যায়, ৬০.৪ শতাংশ তরুণ মনে করেন, রাজনীতিতে জড়িত তরুণরা কার্যত সাধারণ তরুণদের প্রায় সব সময় প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে ৩০ শতাংশ মনে করেন একদমই করেন না। ২৪.২ শতাংশ মনে করেন, করলেও তা খুবই কম। ৩৭.৩ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, স্ব-স্ব এলাকায়/জাতীয় নীতিনির্ধারণে রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণ তরুণদের সঙ্গে নিজ থেকে আলোচনা একদমই করে না। ২১.৭ শতাংশ মনে করেন আলোচনা করলেও তা খুবই কম।
৬৭.৮ শতাংশ মনে করেন সরকারের বাইরে থাকা সামাজিক প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) অথবা নাগরিক সমাজের সঙ্গে যুক্ত হয়ে বা তাদের মাধ্যমে উন্নয়ন ও নীতিতে মতামত প্রকাশ করা সবচেয়ে কার্যকর পন্থা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশ করা সমর্থন করেছেন ৫৯.৬ শতাংশ।
৬০.৪ শতাংশ যুব জরিপ অংশগ্রহণকারী বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে নিবন্ধন ব্যবস্থা চালু করার পক্ষে। ৪৮.১ শতাংশ শ্রমিকদের জন্য মৌলিক জীবনযাত্রার খরচ মেটাতে সক্ষম এমন মজুরি প্রদান করার পক্ষে। ৪৮.১ শতাংশ যুব উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা এবং ৪১.৪ শতাংশ ডিজিটালনিরাপত্তা আইনের মতো মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী বিভিন্ন আইনি ও প্রশাসনিক ব্যবস্থা বাতিল করার দাবি জানান।

যে সব প্রশ্নের ওপর জরিপকাজ পরিচালনা করা হয়:
১। যুব বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে নিবন্ধন ব্যবস্থা চালু।
২। যুব বেকার ভাতা প্রদান।
৩। সরকারি গ্যারান্টিতে যুবদের জন্য বিশেষ ক্রেডিট কার্ড প্রবর্তন।
৪। যুব উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা।
৫। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুবিধাবঞ্চিত যুবদের জন্য কোটা।
৬। কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোতে বয়ঃসন্ধিকালের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা।
৭। কর্মজীবী নারীদের শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা।
৮। শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করা।
৯। প্রতিটি উপজেলায় মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি নিরাময় সংক্রান্ত সাহায্য সেবা প্রদান করা।
১০। সম্পত্তিতে ভাই-বোনের সমঅধিকার নিশ্চিত করা।
১১। শ্রমিকদের জন্য মৌলিক জীবনযাত্রার খরচ মেটাতে সক্ষম এমন মজুরি প্রদান।
১২। সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকায় যুবদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
১৩। পড়াশোনা ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্ম এবং ইন্টারনেটের সহজলভ্যতা।
১৪। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো মত প্রকাশের স্বাধীনতা বিরোধী বিভিন্ন আইনি ও প্রশাসনিক ব্যবস্থা
বাতিল করা। এসব প্রশ্নের বিপরীতে ভোট দেওয়া হয়।


