
টাঙ্গাইলের সখীপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ড
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে তেল ভর্তি ড্রাম রাখার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৮ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় উপজেলার কচুয়া বাজার এলাকায় যমুনা অয়েল এর সখীপুরের পরিবেশক মোঃ শওকত হোসেনের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সখীপুর, নলুয়া বিএএফ এবং বাসাইল ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ওই গোডাউনে রাখা পেট্রোল, ডিজেল, অকটেন এবং মবিল ভর্তি চার শতাধিক ড্রাম, তেল ভর্তি দুটি তেলবাহী ট্রাক, দুটি মোটরসাইকেল এবং টিনসেড গোডাউন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা আনুমানিক বলে জানা গেছে। ওই গোডাউনের মালিক এ ঘটনায় অসুস্থ হয়ে পড়লে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার, জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান।
এ ব্যাপারে জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, তেল ও মবিল ভর্তি চার শতাধিক ড্রাম ও চার হাজার লিটার তেল ভর্তি দুটি ট্রাক, দুটি মোটরসাইকেল এবং গোডাউন পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিদ্যুতের শর্টসার্কিট কিংবা শ্রমিকদের বিড়ি সিগারেটের ফেলে দেওয়া আগুন থেকে আগুনের লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


