
রাজধানীর ছেলে-মেয়ে বলে কথা, তাদের কাছে কিসের আইন ?
নিষেধাজ্ঞা অমান্য করেই ঢাকার আকাশে ফানুস-আতশবাজি
ডেস্ক নিউজ
রাজধানীতে ফানুশের তান্ডব -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অন্যান্য বছরের ন্যায় ঘড়ির কাঁটায় রাত ঠিক ১২টা ছুঁতেই আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে রাজধানী ঢাকার আকাশ। নগরীর আকাশের নক্ষত্রগুলো যেনো ঢেকে যায় ফানুস আর আতশবাজির আলোতে। এমনকি বিকট পটকার শব্দে প্রকম্পিত হয় বিভিন্ন এলাকা। খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নিতে রাত ১২টায় একযোগে ঢাকার বিভিন্ন এলাকার ছাদ থেকে আতশবাজি পোড়ানো হয়, সঙ্গে উড়ানো হয় ফানুস।
অথচ গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে এই বিষয়ে সতর্ক করা হয়। সম্প্রতি ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কিন্তু কে শোনে কার কথা ! রাজধানী ছেলেমেয়ে বলে কথা- তাদের কাছে আবার কিসের আইন! ডিএমপির এই নিষেধাজ্ঞা অমান্য করেই রাজধানীর অনেকেই চালিয়েছে মুহুর্মুহু পটকা বাজি, আতশবাজির ঝলকানি।
রোববার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিল, দক্ষিণখান, মোহাম্মদপুর, মিরপুর, গুলশান, রামপুরা, মহাখালী, শান্তিনগর, সাভার, বৃন্দাবন, দিয়াবাড়ি এলাকাসহ বিভিন্ন এলাকায় পটকা ও আতশবাজি ফোটাতে থাকে শত শত মানুষ। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়ির ছাদ থেকে ওড়ানো শুরু হয় ফানুসও। এ যেনো একটি নোংরা অপসংস্কৃতিতে রূপ নিয়েছে।
রাজধানীর অসংখ্য বাসা বাড়ি ও ফাঁকা জায়গা থেকে ফানুস ওড়াতে দেখা যায়। তাদের ওড়ানো ফানুস রাজধানীর বিভিন্ন এলাকার ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে। এর ফলে রাজধানীর অনেক এলাকার বাসিন্দাদের মধ্যে আগুন লাগার আতঙ্ক তৈরি হয়েছে। কারণ ইতিপূর্বে ফানুসের আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনাও আছে।
এইতো সেদিনের কথা- কথিত থার্টিফার্স্ট উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল, থার্টি ফার্স্ট নাইটে যেন ফানুস ওড়ানো না হয় এবং আতশবাজি না ফোটানো হয়। সে বিষয়ে প্রতিটি থানায় দেয়া হয়েছিল বিশেষ নির্দেশনা। কিন্তু এই যায়গায় হয়তো ডিএমপির নির্দেশনা বিকল।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) ড.খ.মহিদ উদ্দিন গণমাধ্যমে বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া, নগরবাসীকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন এগুলো মেনে চলেন।
থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যার পর বারিধারা, গুলশান বনানী, হাতিরঝিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচল বন্ধ থাকবে এবং বহিরাগত কেউ এসব এলাকায় প্রবেশ করতে পারবে না। হাতিরঝিলে সন্ধ্যার পর কেউ যেতে পারবে না এবং ওইখানে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না।
তিনি আরও বলেন, ‘আতশবাজি-পটকা ফুটানো এবং ফানুস উড়ানো সম্পূর্ণ নিষেধ। এ বিষয়ে প্রতিটি থানায় নির্দেশনা দেওয়া হয়েছে।’
কিন্তু প্রশ্ন হলো- তাদের এসব নির্দেশনা কোনো কাজেই আসলো না কেনো ?
বিশেষ করে রাজধানীর মিরপুরে এই আতসবাজি ফোটানো নিয়ে বিভিন্ন যায়গায় কিশোর গ্যাংদের মাঝে মারামারি পর্যন্ত হয়েছে। বারুদের আগুনে চোখ নষ্ট হওয়ার ঘটনাও ভুলে গিয়েছে সবাই। বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতির সাথে যার সামান্যতম সম্পর্ক নেই। সেই পশ্চিমা সংস্কৃতি কেনো আমরা পালন করবো ? এই নোংরা অপসংস্কৃতি কি কখনোই বন্ধ হবে না ???


