
গুরুত্বপূর্ণ তথ্য পাচারের শঙ্কা
বিমানের গোপনীয় নথি নিয়ে লাপাত্তা দুই কর্মকর্তা
ডেস্ক নিউজ
এয়ারলাইন্সের নথি নিয়ে লাপাত্তা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বেশ পুরনো। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র নিয়ে লাপাত্তা বা পালিয়েছেন সংস্থাটির শীর্ষ দুই কর্মকর্তা। তারা হলেন সংস্থাটির প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন ও বাণিজ্যিক বিভাগের কর্মকর্তা সোহান আহমেদ।
বুধবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত খান।
তিনি জানান, ‘তদন্তের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আদালত থেকে অনুমতি আসলেই তদন্ত শুরু হবে।’
এদিকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, গত ২৪ অক্টোবর রীতিমতো অফিসে আসেন মো.আনোয়ার হোসেন। কিন্তু বিকেলেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩০৫ ফ্লাইটযোগে কানাডার টরন্টোতে পাড়ি জমান প্রশাসন বিভাগের এই সহকারী ব্যবস্থাপক। তার অফিস ত্যাগের পর থেকেই উধাও বিমানের গোপনীয় বিভিন্ন এগ্রিমেন্ট, আরআই পলিসি ও সফটওয়্যার সম্পর্কিত স্পর্শকাতর নথিপত্র।

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র চুরি করে দেশ ছেড়েছেন প্রতিষ্ঠানটির বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদও। আনোয়ার হোসেনের গন্তব্য জানা গেলেও সোহান আহমেদ কোথায় গেছেন, তা এখনো জানা যায়নি।
অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে গত সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মাছুদুল হাছান। এদিকে সোহান আহমেদের গন্তব্য না জানতে পারায় শুধু অভিযুক্ত আনোয়ার হোসেনের পাসপোর্ট বাতিলের জন্য চিঠি দিয়েছে বিমান।
জানা যায়, আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি থানাধীন হরিয়ায়। সপরিবারে তিনি রাজধানীর মিরপুর মডেল থানাধীন ৭ নম্বর সেকশনে বসবাস করতেন। তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশ ছেড়েছেন। আর সোহান আহমেদ সপরিবারে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় বসবাস করতেন। তিনি গত ৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই চাকরি থেকে অব্যাহতির আবেদনপত্র দিয়ে কর্মস্থল ছাড়েন। এসব ঘটনায় সবাই বেশ হতবাক হয়েছে।
অভিযুক্ত দুজনই বিমানের বিভিন্ন গোপনীয় নথিপত্রের তথ্যাদি পাচার করতে পারেন বলে শঙ্কা রয়েছে, যা বিমানের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই অভিযুক্তদের খুঁজে বের করতে সর্বোচ্চ তৎপরতার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।


