শ্রীপুরের ড্রাম ট্রাক চাপায় নিহত ১
মো:রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এখলাস উদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা-বরমী আঞ্চলিক সড়কের টেপিরবাড়ী পলিপ্যাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
এখলাস উদ্দিন (৩০) কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের মধ্য বাড্ডা গ্রামের সফুর উদ্দিন ছেলে। লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ডাম্প ট্রাকের চালক ও সহকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালুভর্তি ডাম্প ট্রাক বরমী থেকে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে টেপিরবাড়ি পলিপ্যাক কারখানার সামনে সড়কে একই অভিমুখে চলা অন্য একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী এখলাস উদ্দিন সড়কে ছিটকে পড়েন এবং ট্রাক চাপায় গুরুতর আহত হন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন ঘাতক ডাম্প ট্রাকের চালক ও সহকারীকে আটক করে পুলিশকে খবর দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘ট্রাক চাপায় একজনের মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় চালক ও সহকারীকে আটক করা হয়েছে। ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


