ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলছিল এক ব্যক্তির মরদেহ
আব্দুল্লাহ আল মোত্তালিব,স্টাফ রিপোর্টার
গাছে ঝুলছে মরদেহ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি)গণিত বিভাগের ভবনের বিপরীত পাশে একটি গাছ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক(এসআই)মো.হাদিউজ্জামান বলেন,
আজ সকালের দিকে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশের একটি মেহেগনি গাছের ডালে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, ওই ব্যক্তি আর বেঁচে নেই।’
এসআই আরও বলেন,
আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


