দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত « বাংলাখবর প্রতিদিন

দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার বন্ধ, ৩ সাংবাদিক চাকরিচ্যুত

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ৫:০৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ৫:০৫
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে প্রশ্ন করা এবং তার সঙ্গে সাংবাদিকদের বাহাস ঘিরে বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির বুলেটিন বন্ধ এবং তিন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ের ওই ঘটনার পরদিন মঙ্গলবার নিজেদের স্ক্রলে সংবাদ সম্প্রচার বন্ধের খবর দেয় দীপ্ত টিভি। দুপুর ২টার পর থেকে পাঁচটি বুলেটিন প্রচার করেনি স্টেশনটি। রাত ১১টায় আবার সংবাদে ফেরে তারা।

একইসঙ্গে টেলিভিশনটির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট মিজানুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বীকে বরখাস্ত করার কারণ হিসেবে সংস্কৃতি উপদেষ্টার ব্রিফিং নিয়ে করা অভিযোগের কথা এটিএন বাংলা কর্তৃপক্ষ বললেও বরখাস্তের চিঠিতে অতীতে ‘অফিস শৃঙ্খলা পরিপন্থি’ কাজের উদাহরণ টানা হয়েছে।

বিজ্ঞাপন

চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজে এক পোস্টে সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনে ‘পেশাদারিত্ব প্রদর্শন না করার অভিযোগের’ তদন্ত এবং সংশ্লিষ্ট প্রতিবেদক অর্থাৎ জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল বাসারকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করতে বলেনি সরকার। ‘গণহত্যার পক্ষে’ প্রশ্ন করায় টেলিভিশন কর্তৃপক্ষ নিজেই এ সিদ্ধান্ত নিয়েছে।

রাত ১১টার পর দীপ্ত টিভির কয়েকজন সংবাদকর্মী গণমাধ্যমকে বলেন, সংবাদ সেবা কার্যক্রম বন্ধের পর সন্ধ্যায় বার্তাকক্ষের কর্মীদের সঙ্গে বৈঠক করেছে স্টেশনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ওই বৈঠকে পুনরায় খবর সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

টেলিভিশনটির সংবাদকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয় নিয়েও সেখানে সবিস্তারে আলোচনা হওয়ার হওয়ার কথা তুলে ধরেন তারা।

এ বৈঠকের পরে রাত ১১টায় আবারও বুলেটিন সম্প্রচার শুরু হয়।

কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে ‘আলী’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের যাওয়া উপলক্ষে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছিলেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকী।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা এবং ওই চলচ্চিত্রের কলাকুশলীদের বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে নানা বিষয়ে জানতে চান সাংবাদিকরা।

সেখানে সাংবাদিকদের থেকে প্রশ্ন আসে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার ইউনেস্কো স্বীকৃতি, শোভাযাত্রায় শেখ হাসিনার মুখাকৃতির আদলে মুখোশ এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের নিহতের সংখ্যা নিয়ে।

পাল্টাপাল্টি কথায় প্রশ্নোত্তরের এই পর্ব অনেকটা বাহাসে পরিণত হয়।

শুরুতে বসে উত্তর দিলেও একপর্যায়ে দাঁড়িয়েও কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা।
বিষয়টি চাউর হলে ওই সংবাদ সম্মেলনের প্রশ্ন ঘিরে ওই তিন টেলিভিশন সাংবাদিকের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তাদের ছবিসহ পোস্ট করা হয় ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স-জেআরএ’ নামে একটি ফেসবুক পেজে।

তিন সাংবাদিকের পরিচয় দিয়ে করা ওই পোস্টে বলা হয়, ‘আজকের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর প্রেস কনফারেন্সে যারা ফ্যাসিস্ট-এর পক্ষে কথা বলেছে…’

মঙ্গলবার দুপুরে ওই পেজ থেকে আরেকটি পোস্ট করে বলা হয়, ‘এই তিন সাংবাদিকের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে ‘মার্চ টু দীপ্ত টিভি, চ্যানেল আই, এটিএন বাংলা‘।’

এর মধ্যে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ এবং তিন সাংবাদিকে বরখাস্ত বা অব্যাহতি দেওয়ার খবর আসে। জেআরএ এর ফেসবুক পেজেও বরখাস্ত বা অব্যাহতির চিঠি প্রকাশ করা হয়।

পরে মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে, সরকার এখানে কিছু বলেনি, কাউকে কলও দেওয়া হয়নি।

সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ফ্যাসিবাদের ১৫ বছরে গণমাধ্যমের বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘মন্ত্রিত্বের ৬ মাসে কাউকে আমরা কল দেইনি। দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে। এখন মানুষ ভাববে- এটা সরকার করেছে।’

সংবাদ সম্প্রচার বন্ধের কারণ জানতে চাইলে দীপ্ত টিভির প্রধান বার্তা সম্পাদক এসএম আকাশ বলেন, ‘অভ্যন্তরীণ কারণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আপাতত নিউজ অপারেশন বন্ধ রেখেছে।’

সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট মিজানের বিরুদ্ধে পদক্ষেপ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্নের কারণে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘চিঠিতে ওই রকম কিছু বলা হয়নি।’

ফজলে রাব্বীকে বরখাস্তের চিঠিতে তার বিরুদ্ধে অতীতে অফিস শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের কথা বলেছে এটিএন বাংলা কর্তৃপক্ষ।

তবে টেলিভিশন স্টেশনটির প্রধান নির্বাহী সম্পাদক মনিউর রহমান বলেন, সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনে প্রশ্ন করাকে ঘিরে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স নামে একটি ফেসবুক পেজে অভিযোগ করা হয়।

‘ব্যবস্থা না নিলে আগামীকাল অফিসের দিকে মার্চ কর্মসূচি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সুনাম এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’

বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বীকে পাঠানো বরখাস্তের চিঠিতে বলা হয়, ‘অফিস শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য গত ০৫/০৬/২০১৬ ইং ও ০৭/১১/২০২২ ইং তারিখে সতর্কীকরণ এবং পরবর্তীতে গত ১৯/১০/২০২৩ ইং ও ২৯/০৮/২০২৪ ইং তারিখে পরপর দুইবার আপনাকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।

‘আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে বিশেষ বিবেচনায় চাকরিতে পুনর্বহাল করা হয়। এর পরেও আপনি রিপোটিংয়ের ক্ষেত্রে যথাযথ পেশাগত দায়িত্ব পালন না করায় আপনাকে ২৯/০৪/২০২৫ইং তারিখ থেকে চাকরি হতে বরখাস্ত করা হলো।’

জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল বাসারকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আইয়ের অ্যাসাইনমেন্ট এডিটর আরেফিন ফয়সাল বলেন, ‘একটা অভিযোগ উঠেছে, সেটা আমরা তদন্ত করব। আর অব্যাহতি দেওয়া হয়েছে। এটা একটা অফিসিয়াল প্রসেস।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত