প্লট বরাদ্দে জালিয়াতি
একযোগে শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড
অনলাইন নিউজ ডেস্ক
রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া দুদকের মামলায় শেখ রেহানাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত–৪-এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বাকিদের মধ্যে রয়েছেন:
জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য খুরশীদ আলম, তন্ময় দাস, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব–১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এই মামলায় কেবল খুরশীদ আলম গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্য আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ ছিল- ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়া।
তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ৩১ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচারকাজে মোট ৩২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
মামলায় দুদকের পক্ষে ছিলেন প্রসিকিউটর তরিকুল ইসলাম এবং গ্রেপ্তার আসামি খুরশীদ আলমের পক্ষে ছিলেন আইনজীবী শাহীনুর রহমান।


